নেতাদের সন্তুষ্ট করলেই মনোনয়ন পাওয়া যায়: তোফায়েল
আওয়ামী লীগের নেতা ও সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, দেশে অসুস্থ রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা আগে ছাত্রনেতা ছিলাম। ছাত্ররাজনীতি করে পরে আওয়ামী লীগের নেতা হয়েছি। তারপর মন্ত্রিত্ব পেয়েছি। কিন্তু এখন আর এগুলো লাগে না। দলের শীর্ষ নেতাদের সন্তুষ্ট করতে পারলেই এখন জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া যায়।’আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার যুব সম্মেলন লিডস ২০১২ এর ‘নেতৃত্ব’-বিষয়ক একটি অধিবেশনে তোফায়েল এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, রাজনীতির চেয়ে অপরাজনীতিই এখন বেশি হচ্ছে। তিনি বলেন, যুবসমাজের অবশ্যই মতাদর্শ থাকবে। এটা খুব মজবুত হবে এবং নৈতিকতার মানদণ্ডে ভারসাম্যপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর ভিত্তিতেই তাঁরা সামনে এগিয়ে যাবে।সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআিই) যৌথভাবে দুই দিনের এই সম্মেলনের আয়োজন করে। সকালে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।বক্তৃতা শেষে তোফায়েল আহমেদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সম্মেলনের অংশগ্রহণকারী একজন প্রশ্ন করেন, ‘বর্তমান রাজনৈতিক দলগুলো যুবকদের মধ্যে কোনো মতাদর্শ তৈরি করতে পারছে না। তারা আমাদের সামনে আদর্শ হতে পারছে না। তাহলে কীভাবে আমাদের মধ্যে মতাদর্শ গড়ে উঠবে?’ এর জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বর্তমান রাজনীতিকদের মধ্যে আসলেই রাজনীতি করেন এমন লোকের সংখ্যা হাতেগোনা। আমরা যদি এ ধারা থেকে বের হতে না পারি, তাহলে ভবিষ্যতে দেশকে এর মূল্য দিতে হবে।’