নেতানিয়াহু ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের বসতি নিয়ে আলোচনার প্রস্তাব দিলেন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গতকাল বুধবার বলেন, ফিলিস্তিনিরা যদি ইসরাইলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় যোগ দেয় তবে তিনি ইহুদিদের বসতিগুলোর ভবিষ্যত্ নিয়ে এখনই আলোচনা করতে প্রস্তুত।সিএনএনের ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে নেতানিয়াহুকে যখন প্রশ্ন করা হয় যে তিনি ওয়েস্ট ব্যাংকের বসতিগুলোর ঘর-বাড়ি নির্মাণের কাজের ওপর আরোপিত ১০ মাসের নিষেধাজ্ঞা সেপ্টেম্বরের পরেও জারি রাখবেন কি না, তখন তিনি বলেন, ফিলিস্তিনিদের এখন উচিত মুখোমুখি আলোচনায় বসার পূর্বশর্তগুলো প্রত্যাহার করা।নেতানিয়াহু বলেন, ‘আসুন আমরা আলোচনায় বসি। প্রথমেই আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার একটি হচ্ছে বসতিগুলো স্থাপন—এটাই আমার প্রস্তাব।’হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করার এক দিন পর নেতানিয়াহুর এই সাক্ষাত্কার নেওয়া হয়। নেতানিয়াহু শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি বারবার আহ্বান জানান। ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ওপর সরাসরি আলোচনা ২০০৮ সালের শেষের দিকে স্থগিত হয়ে যায়। মধ্যপ্রাচ্যে ওবামার দূত জর্জ মিশেল নেতানিয়াহু ও আব্বাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছেন।ফিলিস্তিনিরা জোর দিয়ে বলছে, যতক্ষণ পর্যন্ত না ইসরাইল কিছু সুনির্দিষ্ট বিষয়ে স্পষ্ট উত্তর দেয় ততক্ষণ তারা কিছুতেই ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা করতে রাজি নয়। এসব বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে, নেতানিয়াহু ফিলিস্তিনিদের রাষ্ট্রের কি আকার ও আকৃতি বিবেচনা করতে প্রস্তুত এবং জর্ডান উপত্যকা থেকে কি সব ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে?—রয়টার্স