নেতানিয়াহু মিথ্যাবাদী: সারকোজি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ফ্রান্সে জি-২০ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক ব্যক্তিগত আলোচনায় সারকোজি এ মন্তব্য করেন বলে ফ্রান্সের একটি ওয়েবসাইটের খবরের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ওই ব্যক্তিগত আলোচনার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, ‘আমি তাঁর সঙ্গে আর নেই। তিনি একজন মিথ্যাবাদী।’ সারকোজির এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘যে কেউ তাঁর সঙ্গে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রতিদিন আমাকে তাঁর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়।’জি-২০ সম্মেলনের সময় দুই নেতা তাঁদের ব্যক্তিগত আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করেন। ভুলবশত তা মাইক্রোফোনের মাধ্যমে সাংবাদিকেরা শুনে ফেলেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিব্রত না করার জন্য এত দিন তা প্রকাশ করা হয়নি বলে বিবিসি জানিয়েছে।তবে ফ্রান্সের একটি ওয়েবসাইটে নিকোলাস সারকোজির ওই উদ্ধৃতি প্রকাশিত হওয়ার পর অন্যান্য গণমাধ্যমও তা প্রকাশ করে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও সারকোজির এ মন্তব্য প্রকাশিত হয়েছে।