নেতানিয়াহুকে এড়াতে চান ওবামা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকালে তাঁর সঙ্গে দেখা করবেন না প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়। দৃশ্যত ইরানের ব্যাপারে আরও কঠোর অবস্থান নিতে নেতানিয়াহুর জোরালো দাবির কারণে ওবামা তাঁকে এড়িয়ে চলতে চাইছেন। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। খবরে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ মাসের শেষ দিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। ওই সময় ওবামার সঙ্গে সাক্ষাত্ করার অনুরোধ জানান তিনি। কিন্তু ব্যস্ত সময়সূচির কারণে ওবামা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা এসব তথ্য জানান।এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর নেতানিয়াহুর এই অনুরোধের কথা অস্বীকার করে বলেন, তিনি এ ধরনের কোনো প্রস্তাব করেননি। তিনি বলেন, ওবামা ও নেতানিয়াহু সাধারণ পরিষদের অধিবেশনে আলাদা সময়ে অংশ নেবেন। তাঁরা দুজন একই সময়ে নিউইয়র্কে থাকবেন না বলেও জানান তিনি।তবে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে উদ্ভূত হুমকি নিয়ে গতকাল নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ওবামা। তেহরানের পারমাণবিক অস্ত্রের অর্জন ঠেকানোর ব্যাপারে তাঁরা দৃঢ়-সংকল্প বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান।