পূর্ব জেরুজালেমে নতুন বসতি সম্প্রসারণের যে সিদ্ধান্ত ইসরায়েল নিয়েছে, তার কড়া নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিলারির পক্ষ থেকে বলা হয়, এ সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের আরও অবনতি হবে। হিলারির এ মন্তব্যের সূত্র ধরে বিবিসি অনলাইন জানিয়েছে, ওয়াশিংটন এই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের কড়া সমালোচনা করেছে। শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করার পর ইসরায়েল আবারও ইহুদি বসতি সম্প্রসারণের ঘোষণা দেয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পক্ষ থেকে একজন ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিবিদ ৪৩ মিনিট ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিরোধপূর্ণ এলাকায় ইহুদি বসতি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের বিরক্তি ও নিন্দার কথা জানান। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি জে ক্রাউলি বলেন, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফর করছেন, ঠিক তখনই ইসরায়েলের এহেন আচরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে কী ধরনের খারাপ প্রভাব ফেলতে পারে সেটাই পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে।নেতানিয়াহুকে আরও জানানো হয়েছে, কেবল কথা নয় ইসরায়েলকে কাজে প্রমাণ করতে হবে যে তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায়।এদিকে মধ্যপ্রাচ্য শান্তিরক্ষা প্রক্রিয়ার মধ্যস্থতাকারী চার সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইসরায়েলের বসতি সম্প্রসারণের ঘোষণার নিন্দা জানিয়েছে। ১৯ মার্চ মস্কোয় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসরায়েলের বসতি সম্প্রসারণের ঘোষণার ওপর পর্যালোচনা চলবে বলে জানা গেছে।