হরতালের সময় হামলায় আহত টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগ আজ বুধবার টাঙ্গাইলে হরতাল ডেকেছে। পাবনার ঈশ্বরদীতে গতকাল বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। সেখানে দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। টাঙ্গাইলে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যার প্রতিবাদে ২০ জানুয়ারি ডাকা হরতালে জেলা শহরের গোডাউন বাজারে পিকেটিং করতে গিয়ে ব্যবসায়ী এবং ওই এলাকাবাসীর হামলায় আবদুল কাদের আহত হন। ওই দিনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে তিনি মারা যান। তিনি শহরের পূর্ব আদালতপাড়ার কেরামত আলীর ছেলে। আহত হওয়ার পর তাঁর মা ফাতেমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। আবদুল কাদেরের মৃত্যুর খবর টাঙ্গাইলে পৌঁছলে গতকাল ছাত্রলীগের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা শহরের বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিকেলে মিছিল নিয়ে গোডাউন বাজারে গিয়ে (যেখানে পিকেটিং করতে গিয়ে তিনি আহত হয়েছিলেন) তাঁরা ভাঙচুর চালান এবং দুটি দোকানে আগুন ধরিয়ে দেন।সন্ধ্যায় শহরের নিরালা মোড়ে ছাত্রলীগের উদ্যোগে এক পথসভা থেকে আজ বুধবার টাঙ্গাইল জেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দেন বক্তারা। পরে হরতালের সমর্থনে শহরে মিছিল বের করা হয়।ঈশ্বরদী ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী আহসান হাবিব (৩৪)। আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস (৩০), কলেজ ছাত্রলীগের সহসভাপতি রবিউল ইসলাম (২৩) ও হারুনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের কর্মী মাসনাত হোসেনসহ (৩২) দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস ও তাঁর সমর্থকেরা বসে ছিলেন। সে সময় হঠাৎ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সভাপতির সমর্থকেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ওই পথ দিয়ে যাওয়ার সময় আহসান হাবিব নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ছাত্রলীগের সভাপতির সমর্থকদের অভিযোগ, ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ও তাঁর সমর্থকেরা এ হামলায় জড়িত। হামলায় আহত ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস এবং হামলায় অভিযুক্ত ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। ছাত্রলীগের সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। পরে রফিকুল ইসলামের বাড়িসহ দুটি হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল হাই প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।