নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে স্বাস্থ্য খাতে আধিপত্য বিস্তার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে কুখ্যাতি কুড়িয়েছিলেন এ জেড এম জাহিদ হোসেন। এ বছর বিএমএ নির্বাচনে বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের মহাসচিব পদপ্রার্থী তিনি। দুর্নীতির অভিযোগ আছে—এমন আরও ছয়জন তাঁর প্যানেল থেকে নির্বাচন করছেন।জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসানের বিরুদ্ধে কোটি টাকার টেন্ডার-অনিয়মের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। কামরুল হাসান এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিজ্ঞানবিষয়ক সম্পাদক পদপ্রার্থী। দুর্নীতির অভিযোগ আছে—এমন আরও ডজন খানেক চিকিৎসক এ প্যানেল থেকে নির্বাচন করছেন।পেশাজীবী চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন ২৯ নভেম্বর। নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, ৩২ হাজার ৮৯২ জন চিকিৎসক এ নির্বাচনে ঢাকাসহ বিএমএর মোট ৬৭টি শাখায় প্রার্থী নির্বাচন করবেন। সবচেয়ে বেশি ভোট ঢাকায়—১৩ হাজার ৩৩৮। মূলত দুটি পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।স্বাচিপের সভাপতি পদপ্রার্থী মাহমুদ হাসান বর্তমানে বিএমএরও সভাপতি। সুচিকিৎসক, পণ্ডিত ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলেরও সভাপতি। গঠনতন্ত্র অনুযায়ী, বিএমএ পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তাঁর। কিন্তু গত দুই বছরে বিএমএতে তাঁর কোনো নিয়ন্ত্রণ ছিল না। অন্যদিকে বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে তিনি নীরব।মাহমুদ হাসানের প্রতিদ্বন্দ্বী ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তিনি মেডিকেল অফিসার থেকে সরাসরি অধ্যাপক হয়েছিলেন। প্রভাব খাটিয়ে নিজের স্ত্রীকেও অধ্যাপক পদে বসিয়েছিলেন। তিনি দুর্নীতি ও অনিয়মের সুবিধাভোগী ছিলেন।জোট সরকারের আমলে স্বাস্থ্য খাতের দুর্নীতির প্রতীক হয়ে ওঠেন ড্যাবের মহাসচিব ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন। স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে তাঁর ছিল একচ্ছত্র প্রভাব। মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা যায়, তিনি কারসাজির মাধ্যমে ঢাকা শিশু হাসপাতালের ২০০৪ সালের লটারির প্রথম পুরস্কারের ৩০ লাখ টাকা নিয়েছিলেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদক তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।বিএমএর মহাসচিব পদে জাহিদ হোসেনের প্রতিদ্বন্দ্বী স্বাচিপের মহাসচিব পদপ্রার্থী এম ইকবাল আর্সলান। আর্থিক অনিয়মের সরাসরি অভিযোগ এখনো তাঁর বিরুদ্ধে শোনা যায়নি। তবে এ সরকার ক্ষমতায় আসার পর তাঁর অনুসারীরা স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ, বদলি ও পদোন্নতি নিয়ন্ত্রণ করছেন—এমন অভিযোগ আছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইকবাল আর্সলান ও জাহিদ হোসেনের মধ্যে। ড্যাব মনে করে, জাহিদ হোসেন চিকিৎসকদের কাছে বড় ব্যক্তিত্ব। তিনি এখন শুধু চিকিৎসকদের নেতা নন, বিএনপিরও নেতা। স্বাচিবের সদস্যরা মনে করেন, আপস না করে ইকবাল আর্সলান সব সময় চিকিৎসকদের স্বার্থের পক্ষে কথা বলেন। চিকিৎসকদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা বেশি।তবে স্বাচিপ ও ড্যাবের বাইরে চিকিৎসকদের এক অংশ মনে করে, নিজ সংগঠনের মধ্যে দ্বন্দ্ব তুলনামূলকভাবে স্বাচিপে বেশি। যুগ্ম মহাসচিব পদপ্রার্থী মো. আবদুল আজিজ নিজে মহাসচিব পদপ্রার্থী হতে চেয়েছিলেন। এ ছাড়া তাঁর অনুসারী কাউকেই পরিষদে রাখা হয়নি। এ নিয়ে আজিজের নেতৃত্বাধীন উপদলের মধ্যে ক্ষোভ আছে। এ বিষয়ে আজিজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ইকবাল আর্সলান দাবি করেছেন, স্বাচিপে উপদলীয় কোন্দল নেই।দুই প্যানেলের প্রার্থীদের সম্পর্কে অনিয়মের অভিযোগ আছে। নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জাহিদ হোসেন বলেন, আমলা, ব্যবসায়ী, দাতাসহ অনেকেরই স্বার্থ জড়িত স্বাস্থ্য খাতের সঙ্গে। নিজের কিছু কাজ সেসব স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় অনেকেই তাঁর বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ আনেন। প্যানেলের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে তাঁদের কেউ-ই চোর নন।অন্যদিকে ইকবাল আর্সলান বলেন, তুলনামূলকভাবে যোগ্য চিকিৎসকদের প্রার্থী করা হয়েছে। ভবিষ্যতের প্রার্থী এর চেয়ে ভালো হবে।এঁরাই প্রার্থী: ড্যাবের পরিষদের ফরহাদ হালিমের (কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী) বিরুদ্ধে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগ আছে। ওই অভিযোগে ২০০৮ সালে মন্ত্রণালয় বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। ইউরোলজিতে স্নাতকোত্তর মেডিকেল কোর্সে পরীক্ষা না দিয়ে অনিয়ম করে ভর্তির সুযোগ পেয়েছিলেন প্রভাত চন্দ্র বিশ্বাস (দপ্তর সম্পাদক)। যোগ্য না হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে উন্নীত হয়েছিলেন সৈয়দ আকরাম হোসেন (বিজ্ঞানবিষয়ক সম্পাদক)। এস এম রফিকুল ইসলাম (যুগ্ম মহাসচিব) প্রভাব খাটিয়ে ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার পদে চাকরি নেন। এ দুজনেরই বিশ্ববিদ্যালয় থেকে চাকরি যায়। প্রভাব খাটিয়ে অধ্যাপক হয়েছিলেন মো. রফিকুল কবির (সহসভাপতি ঢাকা সিটি)। মোস্তাক রহিম স্বপনের বিরুদ্ধে অনৈতিক পদোন্নতির অভিযোগ আছে।সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কেনাকাটা, বদলি ও পদোন্নতি স্বাচিপের উত্তম কুমার বড়ুয়া (সাংগঠনিক সম্পদক) একাই নিয়ন্ত্রণ করেন। সরকারের একজন কর্মকর্তা অভিযোগ করেছেন, যে গাড়ির যোগ্য নন, সেই গাড়ি প্রভাব খাটিয়ে ব্যবহার করেন উত্তম। মিটফোর্ড হাসপাতালে দলাদলি ও মারামারির জের ধরে মো. আবুল হাসেম খানকে (আন্তর্জাতিক সম্পাদক) মন্ত্রণালয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বদলি করেছে। কিন্তু সেখানে তিনি অনিয়মিত। এ এস এম জাকারিয়া (সদস্য) বিএমএসএসইউর প্রক্টর। ২০০৯ সালের শুরুর দিকে তিনি ওই সময়ের উপাচার্য নজরুল ইসলামকে চেয়ার ছুড়ে মারতে উদ্যত হয়েছিলেন। শেখ আবদুল্লাহ আল মামুন (সদস্য) মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। মো. কামরুল হাসান (সহসভাপতি বরিশাল), মো. তবিবুর রহমান শেখ (সহসভাপতি রাজশাহী), মো. এহতেশামুল হক চৌধুরী (সহসভাপতি সিলেট), মো. আবদুল আজিজ (যুগ্ম মহাসচিব) ও চিত্তরঞ্জন দাসের (দপ্তর সম্পাদক) বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি বা বদলির ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ আছে। মো. মনিরুজ্জামান ভূঁইয়া (কার্যকরী পরিষদ সদস্য) বর্তমানে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যক্ষ। নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি নিয়োগ ও পদোন্নতি দিচ্ছেন। এ কে এম শফিউল আলম বাদশার (সদস্য) চাকরি যায় গুদামের মাল চুরি করে বিক্রি করার অভিযোগে।গঠনতন্ত্রে বলা হয়েছে, চিকিৎসাবিজ্ঞানের উৎকর্ষ, চিকিৎসা পেশার সম্মান ও মর্যাদা রক্ষা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় পদক্ষেপ নেওয়া বিএমএর অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। অনেকেই মনে করেন, নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা এ লক্ষ্য পূরণের মোটেই যোগ্য নন।দুই প্যানেলের চিকিৎসকদের নামের তালিকা দেখে দেশের একজন প্রবীণ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এঁরা দলের নামে ব্যক্তিস্বার্থে নিবেদিতপ্রাণ। পেশার উৎকর্ষ ও পেশার স্বার্থ এঁদের কাছে গৌণ। এর থেকে বের হয়ে আসতে না পারলে চিকিৎসা পেশার সর্বনাশ অনিবার্য। কিন্তু বের হয়ে আসার আপাত সম্ভাবনা কম।