নেতৃত্ব গ্রহণে নারীদের প্রস্তুত হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ-আমেরিকার পর বিশ্বে ক্ষমতার পালাবদলে এশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের পৃথিবীর নেতৃত্ব নিতে এশিয়ার নারীদের তাই এখন থেকে প্রস্তুত হতে হবে। সুষম ও টেকসই উন্নয়নের মাধ্যমে এশিয়াসহ বিশ্বকে এগিয়ে নিতে হবে। গতকাল শনিবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত তিন দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনামধন্য ব্যক্তিরা এ সময় এশিয়ার নারীদের উচ্চশিক্ষায় সহযোগিতা দেওয়ার কথা জানান। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ জানান, সিম্পোজিয়ামটির মাধ্যমে বাংলাদেশ এশিয়ার সামনে নতুনভাবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশসহ এশিয়ার অর্জনগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরে আগামীর পথনির্দেশনা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন। ওই ব্যক্তিরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছেন। গতকাল সিম্পোজিয়ামের সমাপনী দিনে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার, নেতৃত্ব কেমন হওয়া উচিত, বিজ্ঞান ও শিল্পকলায় এশিয়ার অর্জন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আলোচকদের বিভিন্ন প্রশ্ন করেন। বিদেশি সহায়তা নিয়ে আলোচনা পর্বে বক্তারা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে শুধু সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়নে ভূমিকা রাখার পরামর্শ দেন। বিদেশি সহায়তা ও ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান তাঁরা। নেতৃত্ব নেওয়ার আহ্বান: ‘নেতৃত্বই কি উত্তর’ (ইজ লিডারশিপ দ্য অ্যানসার) শীর্ষক অলোচনা সভায় বক্তারা বলেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্বশীলতা। নেতৃত্ব মানে সাধারণ মানুষের মনের ভাব ও স্বপ্ন বুঝতে পারা। যে নেতা এগুলো বুঝতে পারেন, তিনি একটি সমাজ কিংবা দেশ গড়তে পারেন। আজকের দিনে খুব কম মানুষই নেতা হিসেবে জন্ম নেয়, নেতাকে এখন গড়ে উঠতে হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডনের কাউন্সিলর টিউলিপি সিদ্দিকী। তিনি বলেন, প্রথম আলোর এক জরিপে দেখা গেছে, শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্ব পছন্দ করে ৮০ ভাগ লোক। এটি একটি ভালো বিষয় যে বাংলাদেশে নারী নেতৃত্বের বিকাশ হয়েছে। বর্তমান সরকারের মন্ত্রিসভায় পাঁচজন গুরুত্বপূর্ণ সদস্য নারী। কাজেই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মেয়েরাও একদিন এ দেশের নেতৃত্ব দেবে। টিউলিপ সিদ্দিকী বলেন, গণতন্ত্রের জন্য সুশাসন জরুরি। কিন্তু ইউরোপের একটি দেশে সুশাসনের যে সংজ্ঞা, অন্য কোনো দেশে সেই সংজ্ঞা নাও খাটতে পারে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কেন নেতৃত্ব গড়ে উঠছে না, এমন এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, শিক্ষিত মানুষই পারে যোগ্য নেতৃত্ব তৈরি করতে। কাজেই সবার আগে শিক্ষা দরকার। এশিয়া সোসাইটির সভাপতি বিশাখা দেশাই বলেন, ইউরোপ ও আমেরিকার দিন শেষ হয়েছে। আগামী বিশ্বের নেতৃত্ব দেবে এশিয়া। কাজেই সবাইকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, যার কাছেই ক্ষমতা থাকুক সেই ক্ষমতাকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে। তাহলেই একজন ভালো নেতা পাওয়া যাবে। গিভিং ব্যাক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীরা গান্ধী বলেন, অনেক প্রশ্নের উত্তরই হতে পারে নেতৃত্ব। তবে নেতৃত্বে মানে কেবল রাজনৈতিক নেতা নয়, সব ক্ষেত্রেই যোগ্য নেতৃত্ব দরকার। সততা, কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা এগুলো যোগ্য নেতার বৈশিষ্ট্য। মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহাথির বলেন, নেতৃত্ব অনেক প্রশ্নের উত্তর, সেটি সত্য কিন্তু কী ধরনের নেতৃত্ব দরকার সেটিও একটি প্রশ্ন। তিনি বলেন, মানুষে মানুষে যে বৈষম্য সেটি কমাতে হবে। নারী-পুরুষে বৈষম্য কমাতে হবে। সমাজের সাধারণ মানুষও অনেক সময় নেতা হয়ে যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, তাঁদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহেদা জাফরি বলেন, ‘১৬ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। ১৯ বছর বয়সে আমার দুটি সন্তান। কিন্তু তারপরও আমার মনে হয়েছে আমাকে লেখাপড়া করতে হবে। সন্তান ও পরিবার সামলে আমি পিএইচডি করেছি। আজকে যারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভবিষ্যতে তাদেরকেও সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। শেরি ব্লেয়ার নিয়মিত আসবেন: যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ার এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেনের আচার্যের দায়িত্ব নেওয়ার পর জানিয়েছেন, তিনি এখন থেকে নিয়মিত বাংলাদেশে আসবেন। একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব নিলেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী কন্ডলিৎসা রাইস চলতি বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করতে বাংলাদেশে আসবেন বলে জানান উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ক্যাম্পাসের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে এক হাজার ৪০০ কোটি টাকার দরকার হবে। সিম্পোজিয়াম চলাকালে প্রায় ৪০ কোটি টাকা অনুদান পাওয়ার আশ্বাস মিলেছে। ব্রুনাইয়ের সুলতান এই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো প্রতিষ্ঠানকে অর্থ-সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান উদ্যোক্তারা।