যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ২০১০
নেতৃত্ব ছাড়ছেন ব্রাউন, কনজারভেটিভ-লিব ডেমসমঝোতায় অগ্রগতি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, নতুন একটি স্থিতিশীল সরকার গঠনের পর তিনি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি আরও জানিয়েছেন, লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে সরকার গঠনে তাঁর দল লেবার পার্টিও আলোচনা শুরু করবে। ব্রাউন চান সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে আলোচনায় লেবার পার্টিরও অংশ থাকুক। এদিকে সরকার গঠন করতে একটি জোট গঠনের খসড়া সমঝোতা নিয়ে মতৈক্যে পৌঁছেছেন নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া কনজারভেটিভ পার্টি ও তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রতিনিধিরা। গতকাল সোমবার অসমর্থিত সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। তবে এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের মুখপাত্র। এর আগে উভয় দলের শীর্ষনেতারা বলেছিলেন, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, টেলিগ্রাফ ও স্কাই নিউজ অনলাইনের।গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় গর্ডন ব্রাউন তাঁর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে একটি বিবৃতি দিয়েছেন। তাঁতে তিনি দুটি মূল বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, লিবারেল ডেমোক্র্যাটস পার্টির যেসব নেতা এখনো কনজারভেটিভ পার্টির সঙ্গে সরকার গঠনের আলোচনা চালাচ্ছেন, তাঁদের সঙ্গে তাঁর লেবার পার্টিও অবিলম্বে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করবে। তিনি বলেন, লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ তাঁকে জানিয়েছেন, রক্ষণশীলদের সঙ্গে আলোচনা চলার পাশাপাশি তিনি লেবার পার্টির সঙ্গেও সরকার গঠনের আলোচনায় বসতে চান।ব্রাউন আরও বলেন, একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য যতটুকু সময় প্রয়োজন, তারচেয়ে বেশি সময় তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন না। তিনি বলেন, তাঁর দলকে তিনি পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেবেন। আর এই কাজটি তিনি শুরু করতে চান দলের পরবর্তী সম্মেলনের আগেই। আগামী সেপ্টেম্বর মাসে এই সম্মেলন হওয়ার কথা। স্কাই নিউজের প্রতিবেদক জোয়ি জোনস বলেন, জোট গঠনের খসড়া সমঝোতা নিয়ে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খসড়া চুক্তির ব্যাপারে দুই প্রতিনিধিদলের সদস্যরা সম্মতি জানিয়েছেন। এখন তাঁরা নিজ নিজ দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। গতকাল সকালে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরনের সঙ্গে লিব ডেম নেতা নিক ক্লেগের আধা ঘণ্টা টেলিফোনে আলাপ হয়। স্থানীয় সময় সকাল ১০টায় দুই দলের প্রতিনিধিরা আলোচনা শুরু করেন। দুপুরে তাঁদের মধ্যে প্রথম দফা বৈঠক শেষ হয়। এর আগে রোববার দুই দলের প্রতিনিধিদের মধ্যে ছয় ঘণ্টার বৈঠক শেষে তাঁরা জানিয়েছিলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। এ ছাড়া রোববার সন্ধ্যায় নিক ক্লেগ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউনের সঙ্গে ৪৫ মিনিটের একটি বৈঠক করেন।খসড়া চুক্তিতে দুই পক্ষের মধ্যে একটি পূর্ণ জোট সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে। ওই সরকারের মন্ত্রিসভায় লিবারেল ডেমোক্র্যাটস পার্টির প্রতিনিধিত্ব থাকবে। এ ছাড়া অর্থনীতি ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে দুই দলের সদস্যদের সমন্বয়ে নীতিনির্ধারণী পর্ষদ গঠন করা হবে। গতকাল প্রথম দফা বৈঠক শেষে ব্রিটেনের মন্ত্রিসভা কার্যালয়ের বাইরে ডেভিড ক্যামেরনের সহযোগী উইলিয়াম হিউ বলেন, ‘সকালের বৈঠকে আমরা আরও অগ্রগতি অর্জন করেছি। সমঝোতার শর্তগুলোর ব্যাপারে একসঙ্গে কাজ করছি আমরা।’লিবারেল ডেমোক্র্যাটসদের পক্ষে নিক ক্লেগের সহযোগী ড্যানি আলেক্সান্ড বলেন, ‘আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি। নিক ক্লেগ ও অন্য পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এ বিষয়ে এখন আলাপ করব আমরা।’গত বৃহস্পতিবারের নির্বাচনে যুক্তরাজ্যের পার্লামেন্টে ৬৪৯টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩০৬টি, লেবার পার্টি ২৫৮টি ও লিবারেল ডেমোক্র্যাটস ৫৭টি আসন পেয়েছে। একটি আসনের নির্বাচন স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য একটি দল বা জোটের প্রয়োজন ৩২৬টি আসন।