সাত বছর পর নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলন হলেও এবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হচ্ছে না। কিন্তু ছাত্রত্ব নেই, ছাত্ররাজনীতির বয়সও নেই, চাকরিজীবীসহ বিবাহিত এমন কিছু নেতা ভুয়া সনদপত্র জমা দেওয়ার অভিযোগ ওঠায় কমিটি গঠন না করেই কেন্দ্রীয় নেতারা নড়াইল ত্যাগ করেছেন।জানা গেছে, ১২ এপ্রিল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলনে সভাপতি পদে ১৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্য নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু এখন পর্যন্ত ২৬৫ জন কাউন্সিলরের ভোটে জেলা ছাত্রলীগের নির্বাচন সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক কর্মী জানান, জেলা ছাত্রলীগ বর্তমানে তিনটি গ্রুপে বিভক্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর গ্রুপের সভাপতি পদপ্রার্থী মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক পদে এস এম শাহনেওয়াজ ও আনিছুর রহমান। সাবেক পৌর মেয়র নিজাম উদ্দীন খান গ্রুপের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন ও নাহিদুল হাসান এবং সম্পাদক পদে মোস্তফা কামাল। পৌর মেয়র সোহরাব হোসেন গ্রুপের সভাপতি পদপ্রার্থী সাগর আহম্মেদ এবং সম্পাদক পদে সৌমেন বোস ও সুমন নূর। এর মধ্যে দেলোয়ার হোসেন ও সাগর আহম্মদের ছাত্ররাজনীতির বয়স নেই। সৌমেন বোস স্থানীয় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং মঞ্জুর মোর্শেদের ভাই শিবির কর্মী বলে অভিযোগ রয়েছে। অবশ্য এঁরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।ছাত্রলীগের কর্মী শাহাজান শেখ বলেন, কেন্দ্র থেকে কমিটি করে চাপিয়ে দেওয়া হলে তা সংগঠনের জন্য বুমেরাং হয়ে দেখা দিতে পারে। সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, কমিটি না থাকায় কর্মীরা বর্তমানে নেতৃত্ব শূন্যতায় ভুগছে। প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা উচিত।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান বলেন, ‘সম্মেলনে ভোট হওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌর মেয়র ভোট হতে দেননি। ভোট হলে তাঁদের গ্রুপের প্রার্থী নির্বাচিত না হওয়ার আশঙ্কায় ভোটের বিরোধিতা করেছেন।’ এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বলেন, ছাত্রত্ব নেই, বয়স বেশি, চাকরিজীবী, বিবাহিত অনেকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সত্যতা পাওয়া গেছে। সে কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি। ওই কমিটিতে সাংসদদ্বয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র ও সাবেক মেয়র উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, থানা এবং পৌর কমিটিগুলো সঠিকভাবে গঠিত হয়নি। ফলে কাউন্সিলরও বৈধ নয়। যে কারণে দ্বিতীয় অধিবেশনও হয়নি। পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস বলেন, ‘ছাত্রলীগের ব্যাপারে কোনো উৎসাহ নেই। সম্মেলনে একজন অতিথি হিসেবে বক্তব্য দিয়েছি মাত্র। কমিটি না হওয়ার ব্যাপারে কিছুই জানি না।’ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, শিক্ষা বোর্ড অফিসের মাধ্যমে প্রত্যেকের জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মনোনয়নও প্রায় চূড়ান্ত। দলের সাধারণ সম্পাদক সিঙ্গাপুর চিকিৎসায় রয়েছেন। ফিরে এসলেই কমিটি ঘোষণা করা হবে। কমিটি গঠনের ব্যাপারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের একপর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতামত নেওয়া আছে।