এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
নেতৃত্ব নিয়ে দ্রুত কাজ করলে সফলতা আসবেই
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১২ এপ্রিল এসেছিলেন মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের প্রধান বাজারজাতকরণ ও জনসংযোগ কর্মকর্তা তাহমিদ আজিজুল হক। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গেংকথাবন্ধু: মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর মূল কাজ কী? তাহমিদ আজিজুল হক: আমাদের দেশে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো একটি বিশাল জায়গা দখল করে আছে। বাংলাদেশে এ খাতের পরিধিও ব্যাপক। এটি এখন বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যমে পরিণত হয়েছে।মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর মূল কাজ হচ্ছে মানুষকে মানুষের কাছে নিয়ে আসা। মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। একই সঙ্গে দেশের উন্নয়নের একটি অংশ হিসেবে কাজ করা। কথাবন্ধু: এ খাতে যেতে চাইলে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?তাহমিদ আজিজুল হক: সাধারণত স্নাতক ও স্নাতকোত্তর পাস করে যে কেউ এ ধরনের কাজে যোগ দিতে পারে। তবে এটা নির্ভর করে এই খাতের কোন শাখায় আপনি কাজ করতে চান তার ওপর। এখানে অনেক বিভাগ ও শাখা রয়েছে। বিশেষ কিছু শাখায় কাজ করতে হলে বিশেষ কিছু ডিগ্রি বা প্রশিক্ষণের প্রয়োজন। নেটওয়ার্ক উন্নয়ন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি প্রধান জায়গা। কারিগরি দিক থেকে প্রকৌশল বিষয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যদি গ্রাহকসেবা কেন্দ্র, বিপণন বা মানবসম্পদ হয়, তা হলে বাণিজ্য বিভাগকে বেশি প্রাধান্য দেওয়া হয়।কথাবন্ধু: বাংলাদেশে এ পেশার চাহিদা কেমন?তাহমিদ আজিজুল হক: বাংলাদেশে মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো মাত্র ১৩ থেকে ১৪ বছরে এ পর্যায়ে এসেছে। আমি মনে করি, এ খাত এখন টিনএজ পর্যায়ে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এ পেশার চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। এ খাতে আসতে হলে সাধারণ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিছু মানবিক গুণের প্রয়োজন হয়। কারণ এটি এখন প্রতিযোগিতামূলক বাজার। এখানে গ্রাহকদের চাহিদামোতাবেক কাজ করতে হয়। শুধু মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান নয়, বাংলাদেশে এখন একই সঙ্গে ইন্টারনেট কোম্পানিগুলোও আসছে। তাই এখানে অনেক যোগ্য লোকের প্রয়োজন রয়েছে। কথাবন্ধু: বর্তমানে দেশে মোট কতটি সরকারি-বেসরকারি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রয়েছে? তাহমিদ আজিজুল হক: বাংলাদেশে এখন ছয়টি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রয়েছে। গ্রাহকসংখ্যাও হবে প্রায় পাঁচ থেকে ছয় কোটি। এখানে অনেক দক্ষ লোক প্রয়োজন। বাংলাদেশে এ পেশার চাহিদা ও গুরুত্ব দিন দিন বাড়ছে।কথাবন্ধু: এ খাতে পেশা গড়তে হলে একজন চাকরিপ্রার্থীর কী কী গুণ থাকা প্রয়োজন?তাহমিদ আজিজুল হক: শুরুতেই শেখার আগ্রহ থাকতে হবে। একজন সদ্য স্নাতক ব্যক্তির শুধু সাধারণ শিক্ষাগত যোগ্যতা থাকে। তাই আশা ও প্রত্যাশার সঙ্গে আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। এখানে কাজ করতে হলে নেতৃত্ব নিয়ে দ্রুত কাজ করার দক্ষতা তৈরি করতে হবে। সফলতা আসবেই।কথাবন্ধু: কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কি?তাহমিদ আজিজুল হক: এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তবে কম্পিউটারের সাধারণ বিষয়গুলোয় দক্ষ হতে হবে। কথাবন্ধু: সাধারণ পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ কি আছেএ খাতে?তাহমিদ আজিজুল হক: এ খাতে খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে। তবে সাধারণত কলসেন্টারগুলোতেই এ সুযোগ সবচেয়ে বেশি। অন্যান্য শাখায় খণ্ডকালীন চাকরির সুযোগ নেই বললেই চলে। তবে শিক্ষানবিশ হিসেবে কাজ করার অনেক সুযোগ আছে।কথাবন্ধু: বাইরের দেশের সঙ্গে আমাদের দেশে এ পেশার তফার্যা কী?তাহমিদ আজিজুল হক: বাংলাদেশে এখনো এ খাতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। কারণ বিপণন ও টেলিযোগাযোগ শাখায় যোগাযোগ বিভাগটি অনেক বড়। দেশের বাইরে তাদের কারিগরি দক্ষতার কারণে তারা আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। তবে এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশও একদিন অনেক দূর এগিয়ে যাবে।কথাবন্ধু: সদ্য স্নাতকদের আপনারা কতটুকু অগ্রাধিকার দিয়ে থাকেন?তাহমিদ আজিজুল হক: গ্রামীণফোন সব সময় সদ্য স্নাতকদের অগ্রাধিকার দিয়ে থাকে। সদ্য স্নাতকদের নিয়ে কাজ করলে সৃজনশীলতা বাড়ে।ফলে নতুনদের প্রয়োজনীয়তা শেষ হয় না। শ্রোতাবন্ধু জনি (খুদেবার্তা থেকে): আমি একজন কম্পিউটার প্রকৌশলী, কীভাবে এ পেশার সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারব?তাহমিদ আজিজুল হক: এ জন্য আপনাকে প্রতিষ্ঠান বরাবর আবেদন করতে হবে। শেখার আগ্রহ থাকতে হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলো দেখতে পারেন। শ্রোতাবন্ধু রেনুমা রেজা (খুদেবার্তা থেকে): আমি কলসেন্টার বা গ্রাহকসেবা কেন্দ্রে কাজ করতে চাই, কীভাবে এখানে যুক্ত হতে পারব? তাহমিদ আজিজুল হক: আমাদের দেশে বেশ কিছু কলসেন্টার প্রতিষ্ঠান রয়েছে। এ জন্য ওয়েবসাইট দেখে আপনি আবেদন করতে পারেন। আর দরকার আগ্রহ ও আত্মবিশ্বাস। গ্রাহকসেবা কেন্দ্রে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনেক বিনয়ী হতে হবে। কারণ একজন গ্রাহকের প্রশ্নের মুখোমুখি আপনাকেই হতে হবে।কথাবন্ধু: বর্তমানে এ বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিলে, ভবিষ্যতে তা কতটুকু বিস্তার লাভ করবে বলে মনে করেন?তাহমিদ আজিজুল হক: বাংলাদেশ একদিন যোগাযোগের মাধ্যম হিসেবে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এগিয়ে যাবে। সবাইকে বলব, নিজেকে তৈরি করুন। আত্মবিশ্বাস ও ধৈর্য আরও বাড়িয়ে তুলুন। কারণ একদিন এ পেশা বাংলাদেশে ব্যাপক বিস্তার লাভ করবে। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সমাধান করেই এগিয়ে যেতে হবে। গ্রন্থনা: সুদীপ দে