চট্টগ্রাম নগর ছাত্রদলের শীর্ষ পদে জায়গা পেতে চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এঁদের অধিকাংশেরই ছাত্রত্ব শেষ হয়ে গেছে অনেক আগে। অনেকে বিয়ে করে সংসারী হয়েছেন, ব্যবসা-বাণিজ্য করছেন। আবার ভুয়া সনদ নিয়ে নিজেকে ছাত্র পরিচয় দিয়েও নেতৃত্বে আসার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, ২০০৩ সালের পর চলতি বছরের ১১ আগস্ট নগর ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন হয়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সম্মেলন হলেও স্থানীয় বিএনপির নেতারা নিজ নিজ পছন্দের প্রার্থীকে কমিটিতে আনতে নেপথ্যে ভূমিকা রাখছেন। এ কারণে কমিটি ঘোষণায় দেরি হচ্ছে। এতে নগর ছাত্রদলের কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা। তাই চলতি মাসের মধ্যেই নতুন কমিটি ঘোষণার দাবি উঠেছে।ছাত্রদল সূত্র জানায়, সভাপতি পদে গাজী সিরাজ, তানভীর আহমেদ, মোহাম্মদ মনজুর আলম, শাহেদ আকবর ও এস এম সালাহউদ্দিনের নাম শোনা যাচ্ছে। এঁদের প্রায় সবাই বয়স্ক, বিবাহিত ও ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। কারও কারও সনদ জাল বলেও অভিযোগ পাওয়া গেছে।তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান বলেন, ‘তুলনামূলক তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য। আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি। চলতি মাসেই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।’অভিযোগ পাওয়া গেছে, সভাপতি প্রার্থী মনজুর ২০০৫-০৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম আইন কলেজে এলএলবিতে ভর্তি হন। তিনি স্নাতকের জাল সনদ নিয়ে এলএলবিতে ভর্তি হন। এরই মধ্যে তাঁর সনদ ভুয়া দাবি করে নগরে পোস্টার সাঁটানো হয়েছে।আইন কলেজ সূত্র জানায়, মনজুর সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাস করেন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে তিনি এলএলবি কোর্সে ভর্তি হন। তাঁর রোল নম্বর ৬১৭। তাঁর স্নাতকের দেওয়া নম্বর ফর্দে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর ১৮৯৫৫৯ এবং রেজিস্ট্রেশন নম্বর ৪৫৭৩৩০ উল্লেখ আছে। আর বিএ (পাস) কোর্সের শিক্ষাবর্ষ ১৯৯৭-৯৮ এবং পরীক্ষার সাল ১৯৯৯ উল্লেখ আছে।সীতাকুণ্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের বিএ (পাস) পরীক্ষায় সংশ্লিষ্ট রোল নম্বরের প্রকৃত পরীক্ষার্থীর নাম বশিরুল আলম। অন্য কেউ এই রোল নম্বরের সনদ বা নম্বর ফর্দ ব্যবহার করলে তা ফৌজদারি অপরাধের শামিল। তবে মনজুর দাবি করেন, ‘আমি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাস করে এলএলবি কোর্সে ভর্তি হয়েছি। আসলে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অভিযোগ যাচাই করে দেখব।’জানা গেছে, মনজুর ছাড়া সভাপতি প্রার্থী গাজী সিরাজ, শাহেদ আকবর, তানভীর আহমেদ এবং এস এম সালাহউদ্দিন ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এঁদের মধ্যে সালাহউদ্দিন ছাড়া অন্যরা বিয়ে করে সংসারী হয়ে গেছেন। গাজী সিরাজ ২০০১ সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতকোত্তর পাস করে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সে ভর্তি হন। ছাত্রত্ব থাকলেও তিনি ব্যবসায়ী।তবে গাজী সিরাজ দাবি করেন, তিনি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন। ছাত্রত্ব এবং স্নাতক ডিগ্রি ছাত্রনেতা হওয়ার মানদণ্ড হওয়া উচিত। তিনি উল্টো অভিযোগ করেন, ‘মনজুর উচ্চমাধ্যমিক পাস করেননি। অথচ তিনি নিজেকে আইন কলেজের ছাত্র বলে দাবি করছেন। অর্ধশিক্ষিত বা অশিক্ষিত ছাত্রনেতাদের দায়িত্ব দেওয়া হলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।’আরেক প্রার্থী সালাহউদ্দিন দাবি করেন, ১৯৯৪ সালে তিনি এমইএস কলেজ থেকে স্নাতক পাস করেন। পরে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তি হন। তিনি দাবি করেন, ‘আমাদের রেস্তোরাঁসহ বেশ কিছু পারিবারিক ব্যবসা আছে। ভাইয়েরা তা দেখাশোনা করেন। আমার পেশা ছাত্ররাজনীতি।’তবে নাম প্রকাশে অনিচ্ছুক নগর ছাত্রদলের বর্তমান কমিটির এক নেতা অভিযোগ করেন, সালাহউদ্দিন কখনো কলেজে পড়াশোনা করেননি। এখন তিনি কীভাবে নিজেকে এমবিএর ছাত্র দাবি করছেন? আর তাঁর জন্ম স্বাধীনতা যুদ্ধের আগে। এখনো তিনি কীভাবে ছাত্ররাজনীতি করেন? আরেক সভাপতি প্রার্থী শাহেদ আকবর দাবি করেন, ১৯৯৪ সালে তিনি এমইএস কলেজ থেকে স্নাতক পাস করেন। নগর ছাত্রদলের নেতাদের মধ্যে তিনি ছাড়া সবাই ব্যবসায়ী। অন্যরা নিজের আখের গোছাতে আংশিক সময় ছাত্ররাজনীতি করেন। আসলে দলীয় পদ ব্যবহার করে তাঁরা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করছেন।সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন, এইচ এম রাশেদ, কামরুল ইসলাম, জসিমউদ্দিন চৌধুরী, মাঈনুদ্দিন মো. শহীদ, নাজিমউদ্দিন ও সাখাওয়াত হোসেনের নাম শোনা যাচ্ছে। এঁদের মধ্যে রাশেদ চট্টগ্রাম আইন কলেজে এবং বেলায়েত সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। কামরুল চট্টগ্রাম কলেজের ছাত্র। বিয়ে করে সংসারী হয়েছেন।কামরুল ইসলাম দাবি করেন, ‘১৯৯৮ সালে বিএসসি পাস করেছি। একটু বিরতি দিয়ে স্নাতকোত্তরে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগে শেষ বর্ষে ভর্তি হই। এখনো আমার ছাত্রত্ব আছে। পরিবারের চাপে বিয়ে করেছি। পরিবারের প্রয়োজনে ঠিকাদারি ব্যবসা করছি। চাঁদাবাজি তো আর করছি না।’আরেক সাধারণ সম্পাদক প্রার্থী জসিমউদ্দিন দাবি করেন, ‘পারিবারিকভাবে আমরা কাগজ ব্যবসায়ী। ওই ব্যবসা আমি দেখি না। ছাত্ররাজনীতিতে আমি সক্রিয় আছি। পাশাপাশি আইন কলেজে পড়াশোনা করছি।’ আরেক প্রার্থী রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত ছাত্র। পড়াশোনা ও রাজনীতি ছাড়া অন্য কিছু করেন না।