বাংলাদেশে আমি যখন ১৯৫০ এবং ষাটের দশকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম, তখন রাজনীতি এবং রাজনৈতিক দল সম্পর্কে আমার খুবই ইতিবাচক একটা ধারণা ছিল। বাঙালির স্বাধিকার আন্দোলন যখন গড়ে উঠছিল, সেই সময় আমরা ভাবতাম যে রাজনীতিই হবে আমাদের শক্তির প্রধান উৎস এবং রাজনৈতিক দলগুলোই পালন করবে আন্দোলনের অগ্রবাহিনীর ভূমিকা। কারণ, পশ্চিম পাকিস্তানি শাসকদের ছিল সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান, যেসবের বলে তারা আমাদের শাসন করে আসছিল। এসবের বিপরীতে আমাদের রয়েছে জনতা। সেই জনতাকে স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেবে রাজনৈতিক দলগুলো। আমরা সেটাই দেখেছি, রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে স্বাধিকার আন্দোলন ক্রমশ বেগবান হয়েছে এবং শেষ পর্যন্ত সশস্ত্র স্বাধীনতাসংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি।পুরো পাকিস্তান আমলজুড়ে আমাদের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য শুধু স্ব্বাধীনতা বা স্বায়ত্তশাসন ছিল না; গণতান্ত্রিক শাসনব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা ও অর্থনৈতিক ক্ষেত্রে সমতাপূর্ণ একটি ব্যবস্থার স্বপ্নও আমাদের ছিল। এই নীতিগুলো স্বাধীনতার পরে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে।কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখতে পেলাম, যখনই যে দল রাষ্ট্রক্ষমতায় গেছে, তাদের মধ্যে সাধারণভাবে তিনটি অগণতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়। যেমন—রাষ্ট্রক্ষমতার ওপর নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা, রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে নিজের দল বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এবং বিরুদ্ধ রাজনৈতিক মতের প্রতি অসহিষ্ণুতা। আরও একটি বিষয় লক্ষ করেছি, সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে যখন সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করল, তখন দুজন সামরিক শাসক ক্ষমতায় থেকে নানা রকম লোভ দেখিয়ে রাতারাতি দুটি রাজনৈতিক দল গঠন করে ফেললেন। পাকিস্তান আমলেও সামরিক শাসকেরা এভাবে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করতে সক্ষম হননি। এভাবে ক্রমশ রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আশাভঙ্গ ঘটতে থাকে।১৯৯১ সালে যখন বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করল, তখন আমি আশা করেছিলাম, এবার হয়তো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সচেষ্ট হবে। কিন্তু তিনটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো, দুটি প্রধান দল পালাক্রমে রাষ্ট্রক্ষমতায় গেল, কিন্তু কোনো দলই গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা বা একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়াস পেল না। বরং এ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের বিপরীত প্রবণতাগুলো আরও প্রকটভাবে দেখা দিতে লাগল। খবরের কাগজ খুললেই প্রতিদিন দেখি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা ধরনের অন্যায়-অপকর্মের অভিযোগ। পঞ্চাশ-ষাটের দশকে এমনটি ছিল অকল্পনীয়।দুটি প্রধান দলের অসহিষ্ণু মনোভাব আমাদের ক্রমাগত একটি সংঘাতময় রাজনীতির দিকে ঠেলে দিল। ২০০৭ সালের নির্বাচন ঘিরে নানা সমস্যার সৃষ্টি হলো, দেশ একটা সংকটের মুখে পড়ে গেল এবং শেষ পর্যন্ত আরেকবার সামরিক হস্তক্ষেপ ঘটল। এরপর ২০০৮ সালের নির্বাচনের পর যখন আবার আমরা একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফেরত গেলাম, তখন আমি আর একবার আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তার কোনো লক্ষণ এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। দুটি প্রধান দলই তাদের পুরোনো কায়দায় সংঘাতময় রাজনৈতিক পথেই চলেছে। কোনো বিষয়েই তারা পারস্পরিক সংলাপ বা আলোচনায় বসার কোনো চেষ্টাই করছে না। নির্বাচন কী পদ্ধতিতে হবে, তা নিয়ে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে যে বিরোধ চলছে, তা আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় নিরসন করতে যদি তারা ব্যর্থ হয়, তাহলে দেশ আবারও একটি গভীর সংকটের দিকে এগিয়ে যাবে, যার পরিণতি গণতন্ত্রের জন্য মোটেই শুভকর হবে না।তবু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ সম্পর্কে আমি সব সময়ই একটা আশা রাখি। স্বপ্ন দেখি যে ভবিষ্যৎ আমাদের অন্য রকম হবে, যখন আমাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুশীলনের চেষ্টা করবে। আমি কী ধরনের রাজনৈতিক দলের স্বপ্ন দেখি? আমার স্বপ্ন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি আদর্শ নিয়ে কাজ করবে, যে আদর্শের কেন্দ্রে থাকবে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি। যদিও প্রতিটি রাজনৈতিক দলই বলে থাকে যে তারা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থেই কাজ করে কিন্তু কার্যত আমরা দেখি, রাজনৈতিক দলগুলো বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে অল্পসংখ্যক মানুষের ওপর, যারা দলগুলোকে অর্থ জোগায় এবং তার বিনিময়ে নানা রকম সুযোগ-সুবিধা আদায় করে নেয়। এই প্রক্রিয়ায় রাজনীতিতে ও রাজনৈতিক দলে অর্থবিত্তের অধিকারী ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটেছে এবং দলের ওপর তাঁদের প্রভাব ক্রমেই বৃদ্ধি পেয়েছে। যেমন—একটি সমীক্ষায় আমরা দেখতে পেয়েছি, সত্তরের দশকের প্রথম দিকে ৩৪ শতাংশ সাংসদ ছিলেন ব্যবসায়ী বা শিল্পপতি, আর এখন এই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ শতাংশে। এর ফলে রাজনীতির গুণগত মানে অনেক নেতিবাচক পরিবর্তন এসেছে; রাজনীতি ও রাজনৈতিক দলগুলো পরিণত হয়েছে প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত ভাগ্যোন্নয়নের উপায় ও মঞ্চে। ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর একটি বড় চ্যালেঞ্জ হবে তাদের অর্থায়নের প্রক্রিয়াটিকে স্বচ্ছ করা। আমার স্বপ্ন, ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর অর্থায়নের প্রক্রিয়াটি হবে স্বচ্ছ, ন্যায্যতাভিত্তিক এবং প্রকাশ্য। তারা রাষ্ট্রীয় তহবিল পাবে, জার্মানিতে যেমন আছে, জাতীয় বাজেটে রাজনৈতিক দলগুলোর জন্য তহবিল বরাদ্দ করা হবে। এর অর্থ অবশ্য এটা নয় যে রাজনৈতিক দলগুলো অন্য উৎস থেকে আর কোনো অর্থ সংগ্রহ করতে পারবে না। কিন্তু ব্যক্তিগত খাত থেকে দলের অর্থায়ন-প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ। অনেক দেশে রাজনৈতিক দলগুলোর চাঁদা সংগ্রহের ব্যাপারে নির্দিষ্ট বিধিবিধান আছে। যেমন—যুক্তরাষ্ট্রে একটা নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি অর্থ চাঁদা আদায় করা যায় না। আমার আশা, বাংলাদেশে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো তাদের অর্থায়ন সম্পর্কে স্বচ্ছ বিধিবিধান তৈরি করবে। কারণ, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এই অর্থায়নকে কেন্দ্র করেই।ভবিষ্যতের রাজনৈতিক দল সম্পর্কে আমার আরেকটি স্বপ্ন হলো, তারা গণতন্ত্রের কতকগুলো মানদণ্ড মেনে চলবে। একটি মানদণ্ড হলো, রাজনৈতিক দলগুলোতে সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, এ দেশের প্রায় ১০ শতাংশ মানুষ হিন্দুধর্মাবলম্বী এবং দেশের অন্তত একটি অঞ্চলে অনেক আদিবাসী বা ক্ষুদ্র জাতিগত নৃগোষ্ঠীর বাস। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের মধ্যে সমাজের এই সকল অংশের জনগণের প্রতিনিধিত্ব থাকতে হবে। অনেক গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সচেতনভাবে সমাজের বিভিন্ন অংশকে নেতৃত্বের অন্তর্ভুক্ত করে এটা বোঝানোর জন্য যে তারা গণতান্ত্রিক দল। আমাদের দেশে রাজনৈতিক দলগুলো এ ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ নেয় না।আরেকটি মানদণ্ড হলো দলের সব কর্মকাণ্ডে গণতন্ত্রের চর্চা ও প্রতিফলন। আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলো সম্পর্কে আরেকটি বড় সমালোচনা হচ্ছে, প্রধান দুটি দলের শীর্ষ পদ বহু বছর ধরে আছে দুই ব্যক্তির হাতে, যাঁরা পদ দুটিতে অধিষ্ঠিত হয়েছেন উত্তরাধিকারসূত্রে। কোনো গণতান্ত্রিক সংগঠনে উত্তরাধিকারের বিবেচনা এত বেশি গুরুত্ব পাওয়া উচিত নয়। অবশ্য দুটি দলের প্রধান নেতাদের দুজনই দাবি করে থাকেন যে তাঁরা সব সময়ই দলের সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েই শীর্ষ পদে আছেন। আমার স্বপ্নের রাজনৈতিক দলে এমন ব্যবস্থা থাকবে যে প্রতিটি স্তরের নেতৃত্ব গঠিত হবে গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে। বর্তমানের রাজনৈতিক দলগুলোতে সভা-বৈঠক ইত্যাদি হয়, কিন্তু আলোচনা, তর্কবির্তক, বিরুদ্ধ মত প্রকাশ—এসবের চর্চা খুব একটা নেই। আমার স্বপ্নের রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক রীতিনীতির এমন অনুশীলন হবে, যেখানে প্রত্যেক সদস্য নিঃসংকোচে তর্কবিতর্কে লিপ্ত হবেন, নির্ভয়ে বিরুদ্ধ মত প্রকাশ করবেন, সেই মত যদি দলের শীর্ষ নেতার মতের বিরুদ্ধেও যায়। বিরুদ্ধ মত প্রকাশের জন্য কেউ শাস্তি পাবে না, পদচ্যুত হবে না। সব নেতা-কর্মীর অবাধ তর্কবিতর্কে লিপ্ত হওয়া, বিরুদ্ধ মত প্রকাশ করা এবং বিরুদ্ধ মতের প্রতি সহিষ্ণুতা দেখানো—দলের অভ্যন্তরে এসবের চর্চাই একটি রাজনৈতিক দলকে সত্যিকারের গণতান্ত্র্রিক সংগঠনের জায়গায় নিয়ে যেতে পারে। এটাই গণতান্ত্রিক দলের মূল বৈশিষ্ট্য।সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সমাজের সর্বশ্রেণীর, সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে। ভবিষ্যতের রাজনৈতিক দলের সে প্রয়াস থাকবে, সমাজের বিভিন্ন শ্রেণী, পেশা, বৃত্তির মানুষের কাছে তারা পৌঁছাবে, তাদের অন্তর্ভুক্ত করে নেবে, তাদের কণ্ঠস্বরকে স্থান দেবে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক বা অন্য পেশাজীবীরা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না। তারা তাদের নিজস্ব বক্তব্য ও নীতিগত অবস্থানগুলো তুলে ধরবে, রাজনৈতিক দল সেগুলো বিবেচনায় নেবে। অর্থাৎ বর্তমানে যে অবস্থা চলছে, আমার স্বপ্নের রাজনৈতিক দলগুলো চলবে ঠিক তার উল্টো প্রক্রিয়ায়। নতুন নতুন ভাবনা আসবে একদম তৃণমূল পর্যায় থেকে, কারণ জনজীবনের প্রকৃত সমস্যাগুলো তারা প্রত্যক্ষভাবে জানে। রাজনৈতিক দলের সিদ্ধান্ত হবে শীর্ষ থেকে নিচের দিকে নয়, বরং এই প্রক্রিয়াটি হবে একদম নিচ থেকে শীর্ষের দিকে। এভাবেই পুরো রাজনৈতিক ব্যবস্থায় জনগণের ক্ষমতায়ন ঘটবে।বর্তমানের রাজনৈতিক দলগুলো সব সময় ক্ষমতায় যাওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে চলেছে। কারণ তারা মনে করে যে রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা ব্যবহার করে জনগণের মধ্যে দলের সমর্থন ধরে রাখা যায়। অর্থাৎ তারা মনে করে, সমাজে টিকে থাকতে হলে, প্রভাব বিস্তার করতে হলে রাষ্ট্রক্ষমতাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। কিন্তু সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দল জনগণের মধ্যে জনগণের হয়ে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে শক্তি ও সমর্থন অর্জন করে এবং যখন তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তখন জনগণের সেই শক্তি ও সমর্থন তাদের পক্ষে থাকে। সুতরাং আমার স্বপ্নের রাজনৈতিক দল নিজের শক্তি ও সমর্থন খুঁজবে জনগণের মধ্যে।আমি আরও স্বপ্ন দেখি, রাজনৈতিক দলের প্রধান সরকারের প্রধান হবেন না। বর্তমানে বাংলাদেশে তিনটি ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে একজন ব্যক্তির হাতে। ক্ষমতাসীন দলের প্রধান, সরকারপ্রধান ও সংসদের প্রধান নেতা—এই তিনটি পদেই একই ব্যক্তি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ভালো নয়, কারণ এর ফলে ক্ষমতার ভারসাম্য (চেক অ্যান্ড ব্যালান্স) নষ্ট হয়। ভারতের চিত্রটির দিকে আমরা একটু তাকাতে পারি। সে দেশে মনমোহন সিং প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী কংগ্রেস দলের সভানেত্রী, আর প্রণব মুখার্জি লোকসভার প্রধান নেতা। আমার স্বপ্ন, বাংলাদেশে ভবিষ্যতে রাজনৈতিক দলের প্রধান এবং সরকারপ্রধান হবেন পৃথক ব্যক্তি, যাতে করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়।আমি আরও স্বপ্ন দেখি, ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা পরস্পরের সম্পর্কে সৌজন্য বজায় রেখে কথা বলবেন, সভ্য আচরণ করবেন। নেতৃত্বের শীর্ষ পর্যায়ে এটা প্রয়োজন এ কারণে যে তাঁরা দলের অন্য নেতা-কর্মী ও সমর্থকদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব।আইনকানুন, বিধিবিধান ইত্যাদি বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু বিধিবিধান দিয়েই সবকিছুর পরিবর্তন ঘটানো যায় না। প্রথা, সংস্কৃতি, মানসিকতা, দৃষ্টিভঙ্গি—এসবও খুব গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে লিখিত কোনো সংবিধান নেই, কিন্তু দেশটি গণতান্ত্রিক। শুধু আইন পাস বা বিধিবিধান তৈরি করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। রাজনৈতিক দলের নেতৃত্বের মানসিকতা ও অঙ্গীকারই এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, তাদের অনুসরণ করেই গোটা সমাজে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে পারে। আমার স্বপ্ন, রাজনৈতিক দল ও তার নেতৃত্ব এমন হবে যে তারা জনগণকে নিয়ে যাবে এমন অভূতপূর্ব এক সুন্দর ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে, যা সাধারণ মানুষের কল্পনাতেও ছিল না। তারাই প্রকৃত স্বপ্নদ্রষ্টা। রওনক জাহান: ডিস্টিংগুইস্ট ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সাবেক অধ্যাপক, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক[email protected]