নেতৃত্বে অনুগত থেকে দায়িত্ব পালন করুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রেজিমেন্টের দক্ষতা বাড়াতে কাজ করার আহ্বানও জানান রাষ্ট্রপতি। পিজিআরের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে পিজিআরের সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে এক দরবারে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সর্বোচ্চ দেশপ্রেম, কর্তব্যবোধ, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা দিয়ে রেজিমেন্টের দক্ষতা বাড়াতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান। পিজিআরের পেশাকে মর্যাদাসম্পন্ন কিন্তু ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রটোকলে অংশ নিয়ে তাঁরা দেশবাসীর সামনে তাঁদের পেশাদারিত্ব তুলে ধরার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল মো. আবদুল মুবীন, পিজিআরের কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চা চক্রে যোগ দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল মো. আবদুল মুবীন, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল ফরিদ হাবিবসহ ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তারা এতে যোগ দেন। ইউএনবি।