নেতৃত্বের অভিজ্ঞতার শুরু এখান থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার শেষ হচ্ছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত ১৪ জানুয়ারি শুরু হয়েছিল নয় দিনের জাম্বুরি।গতকাল বৃহস্পতিবারও অন্য দিনের মতো জাম্বুরি-প্রধান ও সাবক্যাম্প-প্রধানেরা পরিদর্শন করছেন বিভিন্ন তাঁবু। তাঁরা স্কাউটদের সুবিধা-অসুবিধার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। স্কাউটরাও তাদের কাছে জানিয়েছে তাদের বক্তব্য। তবে ব্যতিক্রম ছিল অন্য জায়গায়। জাম্বুরি-প্রধান ও সাবক্যাম্প-প্রধানের দায়িত্ব পালন করছে খোদ স্কাউটরাই। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে স্কাউটদের মধ্য থেকে একজন জাম্বুরি-প্রধান ও প্রতিটি সাবক্যাম্পে একজন করে প্রধান নির্বাচন করা হয়েছে। এ স্কাউট নেতারা গতকাল সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত দায়িত্ব পালন করে। স্কাউটরা তাঁদের সম্মান জানায়। আর তাঁরাও স্কাউটদের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়ন।গতকাল ছিল অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরির নবম দিন। গাজীপুর জেলার মৌচাকে অনুষ্ঠিত এ জাম্বুরি স্থানীয় অধিবাসীদের মধ্যেও এনেছে ব্যাপক উত্সাহ। গতকাল পাঁচটি ভিলেজে তাঁবু জলসা শুরু হয়। জলসায় স্কাউটরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। স্থানীয় অধিবাসীরা তা উপভোগ করে।অংশগ্রহণকারী ১৩ হাজার স্কাউটের মধ্যে জাম্বুরি-প্রধান নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয়ের স্কাউট রওশন জালাল। উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞানসহ স্কাউটের বিভিন্ন কলাকৌশলের ওপর পরীক্ষা দিয়ে সে নির্বাচিত হয়। রওশন প্রথম আলোকে বলে, ‘স্কাউটরাই ভবিষ্যতের নেতা। নেতৃত্বের কৌশল এখন থেকেই শিখতে হবে। এ জন্য সাধারণ মানুষের সংস্পর্শে থাকা প্রয়োজন।’ রওশন বলল, ‘দেশের শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্যের অনেক সমস্যা আছে। যোগ্য নেতাই উপযুক্ত দিকনির্দেশনা দিয়ে দেশের পরিবর্তন আনতে পারে।’ টাঙন সাবক্যাম্পের প্রধান কক্সবাজার জেলার রামু উচ্চবিদ্যালয়ের উম্মে সালমা বেশ উপভোগ করছিল নেতা নির্বাচিত হওয়ার ব্যাপারটি। সে প্রথম আলোকে বলে, ‘আমার দেশের মেয়েরা এখনো অনেক পিছিয়ে আছে। শিক্ষাই পারে মেয়েদের ভাগ্য বদলে দিতে। আমি ভবিষ্যতে নারীশিক্ষার জন্য কাজ করব।’তাঁবু জলসা শুরু: গতকাল সন্ধ্যার পর জাম্বুরিতে ছিল উত্সবের আবহ। শুরু হয়েছে তাঁবু জলসা। পাঁচটি ভিলেজে তাঁবু জলসার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের স্কাউট দল এতে অংশ নেয়। বাছাইয়ে উত্তীর্ণ দল আজ শুক্রবার মহা তাঁবু জলসায় অংশ নেবে। দুটি ভিলেজে অগ্নি প্রজ্বালন করে তাঁবু জলসা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান। পরে তাঁরা স্কাউটদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘স্কাউটরা দেশের কৃষকের পাশে দাঁড়াবে এবং তাঁদের বুদ্ধি-পরামর্শ দিয়ে সাহায্য করবে। স্কাউটরা তাদের প্রতিভা কাজে লাগিয়ে সমৃদ্ধি আনবে—এটাই আমাদের আশা।’ অন্য একটি ভিলেজে তাঁবু জলসা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘দরিদ্র দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য স্কাউট আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সকালে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয় মাঠে স্কাউটদের সঙ্গে ‘বিশ্বায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, সিনিয়র সহকারী ফিচার সম্পাদক কবির বকুল, অরুণ বসু ও ফেরদৌস ফয়সাল।