নেতৃত্বের দক্ষতা সবারই থাকা উচিত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২১ জুন এসেছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা জি এম কামরুল হাসান। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। কর্মক্ষেত্রে নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: লিডারশিপ বা নেতৃত্ব বলতে কী বোঝায়, নেতৃত্বের গুরুত্ব কী?জি এম কামরুল হাসান: নেতৃত্ব হচ্ছে ‘আর্ট অব মোটিভেটিং গ্রুপ অব পিপল’। তাই আপনি যেখানেই কাজ করেন না কেন নেতৃত্ব খুবই জরুরি। প্রতিটি কাজেরই একটি লক্ষ্য থাকে। তাই একটি টিম বা দলের সমন্বয়ে কাজ করলে আপনি দ্রুত সফল হবেন। এ জন্য দলের সদস্যদের কাজ সম্পর্কে জানতে হবে। তাঁদের জানাতে হবে। সব ধরনের সহযোগিতা করতে হবে। পূর্ণ নেতৃত্ব দিয়ে দলের কাজ সম্পন্ন করতে হবে। তবেই তো আপনি দলনেতা। নেতৃত্বের গুরুত্বও অনেক। এর কোনো বিকল্প নেই। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু গুণ থাকতে হবে। যাকে বলে ‘লিডারশিপ স্কিল’। দক্ষতা দিয়ে দলের সদস্যদের সঙ্গে কাজের সমন্বয় করতে হবে। এ জন্য আপনাকে নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে। সবাই দলনেতা হবেন না এটা সত্য, কিন্তু নেতৃত্ব দেওয়ার দক্ষতা কমবেশি সবার মধ্যেই থাকা উচিত। কথাবন্ধু: একজন দলনেতার শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?জি এম কামরুল হাসান: যেকোনো ক্ষেত্রে পড়াশোনাটা জরুরি। তবে সব শিক্ষিত মানুষ ভালো লিডার বা দলনেতা হতে পারেন এবং নেতৃত্ব দিতে পারেন—তা কিন্তু বলা যায় না। এ জন্য বিষয়ভিত্তিক পড়াশোনার জ্ঞান থাকা উচিত। এ ক্ষেত্রে তত্ত্বীয় জ্ঞানের সঙ্গে হাতে-কলমের জ্ঞানও জরুরি। কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে। ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন। কথাবন্ধু: কীভাবে নেতৃত্বের গুণাবলি অর্জন করা যেতে পারে? জি এম কামরুল হাসান: একজন ভালো দলনেতা হতে হলে অভিজ্ঞতা জরুরি। এক দিনে তা অর্জন করা সম্ভব নয়। শেখার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সবার সঙ্গে মানিয়ে কাজ করতে হবে। জয় করার মানসিকতা থাকতে হবে। কাজ শিখে এগিয়ে যেতে হবে।কথাবন্ধু: একজন লিডার বা নেতার দল গঠন করার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত?জি এম কামরুল হাসান: টিম বা দল গঠন করার আগে তাঁর দলের সদস্যদের কাজ সম্পর্কে জানতে হবে। কে কোন কাজ ভালো পারে তা নিশ্চিত হতে হবে। একই সঙ্গে তাঁদের উন্নয়নে লিডার বা দলনেতাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সমন্বয় করা খুব জরুরি। দলের সদস্যরা সততার সঙ্গে কাজ করছেন কি না বা করেন কি না তা জানতে হবে। প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবেন কি না। এ ছাড়া অতিরিক্ত কাজ করার ক্ষমতা আছে কি না তা দলনেতাকেই নিশ্চিত হতে হবে। এরপর যে কাজের জন্য যাঁকে দরকার, তা দেখে একটি টিম বা দল গঠন করা হয়। কথাবন্ধু: বিপণনের পেশাজীবীদের জন্য নেতৃত্বের গুণাবলি কতটা জরুরি?জি এম কামরুল হাসান: শুধু বিপণন নয়, সব ক্ষেত্রেই নেতৃত্ব জরুরি। কারণ, সঠিক বাজারজাতকরণের মাধ্যমে একজন বিক্রয়কর্মী বাজারে ভোক্তা তৈরি করছেন। একই সঙ্গে ভোক্তাদের নিয়মিত ধরে রাখছেন। বিপণন হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ। এখানে একটি বিক্রয় দল (সেলস টিম) থাকে। একজন দলনেতাকে অনেক দল নিয়ে কাজ করতে হয়। তাই একজন নেতাকে অভিজ্ঞতা দিয়ে সঠিক নেতৃত্ব দিতে হয়। কথাবন্ধু: এ ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কি না?জি এম কামরুল হাসান: প্রশিক্ষণ অবশ্যই জরুরি। প্রশিক্ষণ নিলে নিজের দক্ষতা আরও বাড়ে। প্রশিক্ষণ একজন মানুষকে উন্নত করে আরও দক্ষ করে। এ জন্য প্রশিক্ষণ এবং চর্চা নিয়মিত রাখা জরুরি। তাহলে শেখার সঙ্গে সঙ্গে আপনার দক্ষতাও বাড়বে। কথাবন্ধু: ব্যবস্থাপক এবং দলনেতার মধ্যে কী কোনো পার্থক্য রয়েছে?জি এম কামরুল হাসান: একজন ব্যবস্থাপকের কাজ কিছু নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ থাকে। নিজের কাজ নিজেরই করতে হয়। কিন্তু একজন দলনেতা তাঁর দলের সদস্যদের দিয়ে কাজটি সম্পন্ন করেন। এখানে কথার মধ্যেও একটি পার্থক্য রয়েছে। ব্যবস্থাপক বলেন, ‘গো ফর ইট’। কিন্তু একজন দলনেতা বলেন, ‘লেটস ডু ইট’। এ ক্ষেত্রে দলের সদস্যরা ভাবেন তাঁর দলনেতা তাঁর সঙ্গেই আছেন। ব্যবস্থাপক কাজ সম্পন্ন করতে বলেন। কিন্তু দলনেতা কাজটি করার জন্য দলের সদস্যদের সাহস দেন। কীভাবে কাজ করবেন সে ক্ষেত্রে নির্দেশনাও দেন। নিজের সঙ্গে সঙ্গে দলের অন্য সদস্যদের উন্নতির কথাও তিনি ভাবেন। তাই এ ক্ষেত্রে দলের কোনো বিকল্প নেই। কথাবন্ধু: অন্যান্য দল এবং বিপণন দলের মধ্যে পার্থক্য কী?জি এম কামরুল হাসান: অন্যান্য দলের সঙ্গে বিপণন দলের কিছুটা পার্থক্য তো রয়েছেই। যিনি ব্যাংকে কাজ করেন, তিনি কিন্তু সবার কাজের সমন্বয় করেন। তাঁকে ডেস্কে বা টেবিলে বসে কাজ করতে হচ্ছে। কিন্তু বিপণনে কাজ করতে হলে আপনাকে অনেকের সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দলের সব সদস্যের সমন্বয় ছাড়া কাজ করা কঠিন।কথাবন্ধু: বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কী ধরনের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে?জি এম কামরুল হাসান: এ ক্ষেত্রে সাধারণত কিছু নিয়মকানুন থাকে। শিক্ষাগত যোগ্যতা দেখা হয়। কোনো প্রশিক্ষণ রয়েছে কি না দেখা হয়। কীভাবে নিজের উন্নতি করবেন সে বিষয়ে কোনো চিন্তা করছেন কি না। তাঁর নেতৃত্ব দেওয়ার গুণাবলি আছে কি না। এ বিষয়গুলো একজন প্রার্থীকে মাথায় রাখা উচিত। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, তাহলে আপনি সফল হবেন। গ্রন্থনা: সুদীপ দে