নেত্রকোনায় অটোরিকশায় আগুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের আখড়ার মোড় এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এতে অটোরিকশার আরোহী দুজন জেলে পুড়ে গেছেন। হরতালের সমর্থকেরা ওই পেট্রল ছুড়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আজ মঙ্গলবার বিএনপির ডাকা হরতালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, মোস্ত মিয়া (৩৫) ও আবদুল হামিদ (৪০)। তাঁরা পেশায় জেলে। মোস্ত মিয়ার বাড়ি সদর উপজেলার উলুয়াটি গ্রামে এবং আবদুল হামিদের বাড়ি সালজান গ্রামে। তাঁদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই জেলে একটি বিল থেকে মাছ ধরে তা বিক্রির জন্য নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন। তাঁরা যাচ্ছিলেন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে। শহরের আখড়ার মোড় এলাকায় একটি গলি থেকে দুজন লোক বের হয়ে অটোরিকশা লক্ষ্য করে পেট্রলজাতীয় পদার্থ ছুড়ে মারে। তারা হরতালের সমর্থক হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ওই অটোরিকশায় আগুন ধরে যায়। এতে আরোহী দুই জেলের শরীর পুড়ে যায়। অটোরিকশায় আরও দুজন আরোহী ছিলেন। তবে তাঁরা আগুন থেকে বেঁচে যান। তাঁরা হলেন, মো. আবুল কালাম ও সিদ্দিক মিয়া। তাঁরাও পেশায় জেলে। সিদ্দিক মিয়া (৫০) হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, দুজন লোক হঠাত্ করে এসে আগুনের মতো কী একটা ঢিল দিয়ে দ্রুত কেটে পড়ে। সঙ্গে সঙ্গে মোস্ত মিয়া ও আবদুল হামিদের গায়ে আগুন লেগে যায়। দ্রুত তাঁরা ড্রেনের মধ্যে গিয়ে নামেন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে আসি।’ তিনি বলেন, ‘আজ হরতাল আমরা জানতাম না। হরতাল আমরা চাই না। আমরা গরিব মানুষ। হরতালে তো মানুষের দুর্ভোগই বাড়ে।’নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক নীলোত্পল সরকার প্রথম আলো ডটকমকে জানান, আহত ব্যক্তিদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, ‘কোনো বোমা নয়, পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আটকের চেষ্টা চলছে।’