নেত্রকোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল আজ শনিবার দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যায়। পাঁচ সদস্যের তদন্ত দলটি উপজেলার চারটি বধ্যভূমি পরিদর্শন করে।তদন্ত দলে ছিলেন তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক, তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার মনোয়ারা বেগম, মো. আ. রাজ্জাক খান ও শ্যামল চৌধুরী।দলটি প্রথমে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় যুদ্ধাপরাধের বিচারে সবার সহযোগিতা কামনা করে। এর পর তদন্ত কর্মকর্তারা উপজেলার সদরের রাজপাড়ায় বধ্যভূমি পরিদর্শনে যান। এখানে ১৯৭১ সালের ১ মে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী একটি হিন্দু পরিবারের কয়েকজনকে হত্যা করে মাটি চাপা দেয়। এ বছরের ২৯ মে মাটি খুঁড়তে গিয়ে গণকবরটির সন্ধান পাওয়া যায়। এ সময় তদন্ত দলের সামনে স্থানীয় লোকজন ওই হত্যাকাণ্ডের বর্ণনা দেন।তদন্ত দল পরে উপজেলার জারিয়া, পূর্বধলা সদরের পুকুরিয়াকান্দা ও ত্রিমোহনী বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করেন।তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গণহত্যা হয়েছে, এ রকম চারটি বধ্যভূমি তদন্ত দল পরিদর্শন করেছে। এসব বধ্যভূমিতে একাত্তরে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।