নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় টেম্পোর দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেলস্টেশনের কাছে আজ মঙ্গলবার দুপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ টেম্পোর দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত যাত্রীরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানার সাধুপাড়া গ্রামের আবদুল কুদ্দুস (৫৫) ও নজরুল ইসলামের দেড় বছরের শিশুকন্যা নোভা। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য। তাঁরা ওই টেম্পোতে করে দুর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ বেলা দুইটার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথে ময়মনসিংহ থেকে ২৭৩ নম্বর আপ ট্রেনটি জারিয়া স্টেশনের দিকে যাচ্ছিল। একই সময় একটি যাত্রীবাহী টেম্পো জারিয়া আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পাশের রেলক্রসিং পার হচ্ছিল। কিন্তু হঠাত্ টেম্পোর ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এ সময় ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টেম্পোর দুই যাত্রী নিহত হন। আহত হন হাদিসা খাতুন (২২), তহুরা খাতুন (৩৫), মোবারক হোসেন (১০), নজরুল ইসলাম (৩০), স্বর্ণা আক্তার (১২), শিমু আক্তার (৯), নাদিরা আক্তার (৮), নাঈম (৩), ইউনুস (৩৫), ইউসুফ (৩২) ও মাহমুদা আক্তার (১৫)। জারিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার জাফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলস্টেশন পুলিশ থানায় পাঠানো হয়েছে।