‘সিলেটে আওয়ামী লীগ যেন ঘরের রাজনীতির দল হয়ে পড়েছে। কেন্দ্রীয় কর্মসূচি পালন আর কোনো নেতা-কর্মীর মৃত্যু হলে মিলাদ আর দোয়া মাহফিল করেই চলছে দল। মাঠের কী অবস্থা কেউ জানতে চায় না, খোঁজও নেয় না!’আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার কথা এভাবেই তিক্ততার সুরে বলছিলেন এক নেতা। তাঁর মতে, পূর্ণাঙ্গ কমিটিবিহীন অবস্থা ক্রমে স্থবিরতার দিকে ঠেলে দিচ্ছে সংগঠনকে। এ রকম তিক্ততা শুধু একজনের নয়, জেলা ও মহানগর পর্যায়ের সব ধরনের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ। কেন্দ্রীয় কোনো নেতা বা মন্ত্রী রাজনৈতিক সফরে সিলেট এলেই নেতা-কর্মীরা নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু দল ক্ষমতাসীন হওয়ার পর থেকেই কেন্দ্রীয় নেতাদের ওই একই কথা ‘নতুন কমিটি হচ্ছে—হবে...’। সিলেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন তাকিয়ে আছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ৩ অক্টোবর জেলা সম্মেলন শেষে আ ন ম শফিকুলকে সভাপতি ও ইফতেখার হোসেন শামীমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। আর তাঁদের সঙ্গে আবদুজ জহির চৌধুরী ছুফিয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি ও আবদুল খালিক মায়নকে (সদ্য প্রয়াত) যুগ্ম সম্পাদক করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। একইভাবে ওই বছরের ২৬ নভেম্বর মহানগর সম্মেলন করে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তাঁদের বলা হয়, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। এ দুই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে আগাম ক্ষোভ-বিক্ষোভের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন আর হয়নি।মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হলে সিলেটের মিসবাহউদ্দিন সিরাজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। শূন্য হয়ে পড়ে নগর সাধারণ সম্পাদক পদটি। এ অবস্থায় গত বছরের এপ্রিলে বর্ধিত সভা করা থেকে বিরত থাকে সিলেট নগর কমিটি। গত ৪ এপ্রিল সিলেট জেলা কমিটির বর্ধিত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি উপজেলা পর্যায়ের নেতাদের মধ্য থেকে জোরালোভাবে উচ্চারিত হয়। তখন কেন্দ্র মনোনীত নেতা হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তৃতায় অচিরেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন। জানা গেছে, ওই বর্ধিত সভা থেকে নতুন কমিটির প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত বছরের ১০ এপ্রিল সিলেট সফর করে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। ওই সময় আশরাফুল ইসলাম সাংগঠনিক স্থবিরতা কাটাতে এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দিলেও সেই ঘোষণা আজও বাস্তবায়িত হয়নি।সিলেটে আওয়ামী লীগের কোনো দলীয় কার্যালয় নেই। নগরের চালিবন্দর এলাকায় ‘ইব্রাহিম স্মৃতি সংসদ’-এর কার্যালয় (গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা) জেলা ও নগর কমিটির কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। সেখানে গিয়ে দেখা গেছে, মূলত সাংগঠনিক কমিটি না থাকায় কার্যালয়কেন্দ্রিক কোনো তৎপরতা নেই। ইব্রাহিম স্মৃতি সংসদে আওয়ামী লীগের দিবসকেন্দ্রিক তৎপরতা থাকে বলে জানা গেছে। ‘কমিটি না থাকলে সাংগঠনিক তৎপরতা থাকে কেমন করে!’ আলাপকালে একাধিক নেতা-কর্মীরা এভাবেই উষ্মা প্রকাশ করেন। তাঁরা জানান, সিলেটে সদস্য সংগ্রহ অভিযান ঘটা করে শুরু হলেও এর কোনো সফলতা নেই শুধু নেতৃত্ব কুক্ষিগত অবস্থায় থাকার কারণে। দলের সাধারণ সম্পাদকের ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় প্রায় এক বছর ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বা কোনো মন্ত্রীর সিলেট সফর পড়লেই নেতা-কর্মীরা নতুন কমিটি গঠনের দাবি তোলেন। এতে সফরকারীরাও অনেক সময় বিব্রত হন। সর্বশেষ গত ৯ এপ্রিল তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হলে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে অনেকে ক্ষোভও প্রকাশ করেন।সংগঠনের জেলা সভাপতি আ ন ম শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নাই—এ কথা ঠিক। তবে এ জন্য দলীয় কর্মকাণ্ডে কোনো স্থবিরতা নেই। তবে এ কথা ঠিক যে কমিটি পুনর্গঠন হলে নেতা-কর্মীরা পদবি পেয়ে অনেকটা উৎসাহ পেত।’নতুন কমিটি হলে দল চাঙা হবে জানিয়ে মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ বলেন, ‘দল সুসংহত আছে। তার পরও যা কিছু সাংগঠনিক স্থবিরতা আছে, তা কাটিয়ে উঠতে নতুন কমিটি ঘোষণার প্রয়োজন। দলের নেতা-কর্মীরা এখন নেত্রীর দিকে তাকিয়ে আছেন। নেত্রী যাঁদের ভালো মনে করবেন, সেটা মেনে নেবেন সবাই। নতুন কমিটি ঘোষিত হলে নেতা-কর্মীরা মানসিকভাবে চাঙা হবেন এবং দলও আগের চেয়ে আরও গতিশীল হবে।’