নেদারল্যান্ডসে ধর্মের নামে পশু জবাই নিষিদ্ধের পক্ষে প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন কক্ষ গত মঙ্গলবার ধর্মীয় কাজে পশু জবাই নিষিদ্ধ করা-সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। পার্লামেন্টের উচ্চ কক্ষের অনুমোদন পেলেই প্রস্তাবটি আইনে পরিণত হবে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সে দেশের প্রায় ১০ লাখ ৪০ হাজার মুসলমান ও ইহুদি সম্মিলিতভাবে এ প্রস্তাবের বিরোধিতা করছে। তারা এ পদক্ষেপকে তাদের ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছে।প্রস্তাবটি আইনে পরিণত হলে সব ধরনের ধর্মীয় কাজে পশু জবাই নিষিদ্ধ হবে। তবে খাওয়ার জন্য পশু জবাই এ আইনের আওতায় পড়বে না। নেদারল্যান্ডসে পশু হত্যার আগে অচেতন করা হয়। কিন্তু ইহুদি ও মুসলমানদের জন্য ধর্মের নামে পশু জবাই করার আগে অবশ্যই ওই পশুর চেতনা থাকতে হবে।দেশটির পশু রক্ষা দল পার্লামেন্টের নিম্ন কক্ষে এ প্রস্তাব উত্থাপন করে। এ প্রসঙ্গে দলটির প্রধান ম্যারিনে থেইমে বলেন, ‘এ ধরনের হত্যা প্রাণীর জন্য অপ্রয়োজনীয় বেদনা সৃষ্টি করে। ধর্মীয় স্বাধীনতা অসীম হতে পারে না।’ ভোটের আগে তিনি আরও বলেন, ‘আমাদের জন্য ধর্মীয় স্বাধীনতা সেখানেই বন্ধ হবে, যেখানে মানুষ ও প্রাণীর ভোগান্তি শুরু হবে।’