নেদারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৪৪ রান করে নেদারল্যান্ড। জবাবে দুই ওভার বাকি থাকতেই আট উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৫৩ বলে ৬৯ রান করেন তামিম ইকবাল। আর নেদারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন এম আর স্টুয়ার্ট। হেগের স্পোর্টপার্ক ওয়েস্টব্লিয়েতে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ভালো খেলেছে বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার ডব্লিউ ব্যারেসিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন উদ্বোধনী বোলার মাশরাফি বিন মোর্তুজা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলটিতে আরেক লড়াকু ব্যাটসম্যান কুপারকে ফিরিয়ে আরও একবার টাইগারদের উজ্জীবিত করেন মাশরাফি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১৪৪ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস। মাঝপথে ডাচ ওপেনার স্টুয়ার্ট ৪১ বলে চারটি চার ও দুইটি ছয়ে ৫৭ রান করে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। তবে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান সংগ্রহকারী টিএন ডি গ্রোথ ছাড়া কেউই ভালো ব্যাট করতে পারেননি। এর ফলে আরও বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি নেদারল্যান্ড। এদিকে ১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ। জুনায়েদকে সঙ্গে নিয়ে নেদারল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছিলেন তামিম। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জুনায়েদ আউট হওয়ায় কিছুটা ছন্দপতন হয়। এরপর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে ১১ বলে ১২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব আল হাসান। দলীয় ৬৩ রানে সাকিব আউট হওয়ার পর অবশ্য আর পিছন ফিরে তাকায়নি বাংলাদেশ। তামিম আর মুশফিকের দ্বৈরথে ১২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুশফিক বাহিনী। তামিমের সঙ্গী হয়ে ২৪ বলে মূল্যবান ৩৭টি রানও করেছেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সাফল্যের এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থাকল বাংলাদেশ। একই মাঠে আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচটি। এর আগে একই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ।