নেপথ্যে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের বস্তিপাড়ায় সংঘটিত বন্দুকযুদ্ধের এক দিন পরও ওই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।গত শুক্রবার ভোরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে উভয় পক্ষে পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে তিনজনের লাশ পুলিশের হেফাজতে গতকাল বিকেলে জুরাছড়ি সদরে আনা হলেও অপর দুজনের লাশ গতকাল শনিবারও পাওয়া যায়নি। এ ছাড়া পৃথক বন্দুকযুদ্ধে কাপ্তাইয়ে নিহত হন আরেকজন।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। গতকাল টেলিফোনে প্রথম আলোর কাছে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতার কারণে এ ধরনের সহিংস ঘটনা ঘটছে। তিনি বলেন, বলপ্রয়োগের মাধ্যমে কাউকে দমিয়ে রাখার চেষ্টা গণতান্ত্রিক পন্থা নয়। তিনি সবাইকে সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানান।নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ শুক্রবার সারা দিন তল্লাশির পরও রতন তঞ্চঙ্গ্যা ও লুলংকর চাকমার লাশ পায়নি। পরে গতকাল সকালে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে মৈদং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অরুণ চাকমাসহ কয়েকজনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অস্বীকার করেছে। অরুণ চাকমার বাড়ির পাশে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ও মৈদং ইউনিয়নের বস্তিপাড়া, ফকিরাছড়া, বরকলক, জামুরাছড়ি, শুকনা তারাবন্যা এলাকাগুলোতে দীর্ঘদিন ইউপিডিএফের আধিপত্য ছিল। কিন্তু প্রায় এক বছর আগে ওই সব এলাকা জেএসএস দখলে নেয়। তারপর থেকে সেখানে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধ হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক ব্যক্তি জানান, কোথাও এ ধরনের ঘটনা ঘটার পর কে গুপ্তচর ছিল, কীভাবে প্রতিপক্ষ তাদের অবস্থান জানতে পেরেছে, তা খোঁজা হয়। এ সময় অনেক নিরীহ ব্যক্তিও ঘটনার শিকার হন। সে কারণে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার গতকাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বর্ণনা দিয়ে দাবি করা হয়, ফকিরাছড়া গ্রামের নিজ বাড়ি থেকে জনসংহতি সমিতির সমর্থক নিরঞ্জয় চাকমাকে ইউপিডিএফের সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। এরপর মৈদুং ইউনিয়ন পরিষদের সদস্য অরুণ চাকমার ঘর থেকে রতন তঞ্চঙ্গ্যা, কালাচান চাকমা ও সন্তোষ কুমার চাকমাকে ধরে নিয়ে তারাবন্যা ছড়ায় ইউপিডিএফের সন্ত্রাসীরা গুলি করে নৃশংসভাবে হত্যা করে। ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সমন্বয়ক মাইকেল চাকমা শুক্রবারের ঘটনায় তাঁদের কারও জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, জনসংহতি সমিতির প্রতি আমাদের প্রথম থেকেই আহ্বান ছিল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি আদায়ের। কিন্তু তারা আমাদের নির্মূল করার ঘোষণা দিয়ে, তা বাস্তবায়নে তৎপর রয়েছে।অপরদিকে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। তাদের সঙ্গে ঐক্যের প্রশ্নই আসে না। তারা নানা অপতৎপরতার মাধ্যমে পার্বত্যচুক্তি বাস্তবায়ন আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। জনসংহতি সমিতির প্রতিবাদজনসংহতি সমিতির নেতা সজীব চাকমার গতকাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সংঘটিত সহিংস ঘটনাকে বিভিন্ন প্রচারমাধ্যমে বন্দুকযুদ্ধ হিসেবে উল্লেখ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জুরাছড়ি ও কাপ্তাইয়ে সংঘটিত ঘটনাকে নিরীহ লোকজনের ওপর ইউপিডিএফের সশস্ত্র হামলা হিসেবে উল্লেখ করে বলা হয়, জনসংহতি সমিতি কোনো সশস্ত্র তৎপরতার সঙ্গে যুক্ত নয় আর ওই দুটি স্থানে কোনো বন্দুকযুদ্ধও হয়নি।