নেপথ্যে নৌ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন স্থানীয় সরকারদলীয় নেতারা। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারও। এই অস্থিতিশীল পরিস্থিতির সূত্রপাত হয় আড়াই বছর আগে নৌ-মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে।এনসিটির দরপত্র নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী আন্দোলনে নামেন। তাঁর দলের বেশির ভাগ নেতা-কর্মী এবং শরিক ১৪ দলের নেতারাও এতে যোগ দেন। এর বিরুদ্ধে অবস্থান নেন বন্দর এলাকা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ। লতিফের সঙ্গে সম্প্রতি যোগ দেয় চট্টগ্রাম চেম্বার। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরী নেপথ্যে লতিফকে সমর্থন দিচ্ছেন বলে প্রচার আছে।বিতর্কের সূত্রপাত: সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্দরের এনসিটিতে অপারেটর নিয়োগের দরপত্র নিয়ে বিরোধের মূলে রয়েছে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি নৌ-মন্ত্রণালয়ের সভার একটি সিদ্ধান্ত। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দরপত্র জমা দেওয়ার এক দিন আগে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি দরপত্র-প্রক্রিয়া বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে বারবার প্রাক্-যোগ্যতার দরপত্র ও মূল দরপত্রের শর্ত সংশোধন, সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি বিতর্কিত প্রতিষ্ঠানসহ দুটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে নতুন করে দরপত্র আহ্বান করতে আড়াই বছর সময় লেগেছে। মন্ত্রণালয় এসব পদক্ষেপ নিয়েছে অর্থমন্ত্রী, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি কার্যালয়) এবং প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান আইআইএফসির মতামত উপেক্ষা করে। আড়াই বছর ধরে মন্ত্রণালয়ের নেওয়া এসব পদক্ষেপ সঠিক ছিল না বলে কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের গঠন করা একটি রিভিউ প্যানেলের আদেশে তুলে ধরা হয়।ওই আদেশে বলা হয়, দরপত্রের শর্ত সংশোধনের বিষয়টি আইনসম্মত হয়নি। অবশ্য একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এই আদেশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। দরপত্র নিয়ে এমন জটিলতায় ঝুলে গেছে এনসিটি চালুর বিষয়টি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। কারণ, এই টার্মিনালের কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা বন্দরের অপর দুটি টার্মিনাল এবং মংলা বন্দরের মোট ক্ষমতার চেয়েও বেশি।আবার দরপত্রের শর্ত অনুযায়ী, নির্বাচিত বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর থেকে এই টার্মিনালে যন্ত্রপাতি স্থাপন করে পরিপূর্ণভাবে চালু করতে সময় লাগবে ১৮ মাস। অর্থাৎ এ সরকারের মেয়াদে চুক্তি হলেও এটি পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা কম। এ বিষয়কে কেন্দ্র করে সরকারি দলের বিরোধে চট্টগ্রাম বন্দরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।এ বিষয়ে জানতে নৌপরিবহনমন্ত্রীর মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, দরপত্রের শর্ত নিয়মানুযায়ীই সংশোধন করা হয়েছে। কোনো বিশেষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য দরপত্রের শর্ত সংশোধন করা হয়নি।তবে বন্দর বোর্ডের সাবেক সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, আড়াই বছর আগে নৌ-মন্ত্রণালয় উদ্দেশ্যমূলকভাবে দরপত্র-প্রক্রিয়া বাতিল না করলে এত দিন এই টার্মিনালটি চালু হয়ে যেত।দ্বিধাবিভক্তির রাজনীতি: গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের মধ্যে বহুদিনের বিভক্তি মিটে যায়। কিন্তু বন্দরের বিষয়টি তাঁদের আবার বিভক্ত করেছে।মহিউদ্দিন চৌধুরী বন্দর অচলের কোনো কর্মসূচি দেওয়া হবে না ঘোষণা দিলেও তাঁর বিরোধীরা বলছেন, বন্দরকে অস্থিতিশীল করে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্যই তিনি আন্দোলন করছেন। তবে মহিউদ্দিন চৌধুরী এ অভিযোগ নাকচ করে বলেন, আড়াই বছর আগে মূল দরপত্র-প্রক্রিয়া বাতিল করে দরপত্রের শর্ত সংশোধনের মতো অনিয়ম না করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।সরকারদলীয় সাংসদ এম এ লতিফ মহিউদ্দিনের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করে প্রথম আলোকে বলেন, ‘তাঁর আন্দোলন ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ জন্য আমি মাঠে নেমেছি। এর শেষ দেখে ছাড়ব।’ নৌ-মন্ত্রণালয়ের শর্ত সংশোধনের পদক্ষেপকে সমর্থন জানিয়ে লতিফ বলেন, এতে দরপত্রে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। আর দরপত্র নিয়ে কোনো সমস্যা হলে সেটি আইনানুযায়ীই ব্যবস্থা নেবে সরকার। মহিউদ্দিন চৌধুরী বন্দরের বিষয়ে নাক গলাবেন কেন?