নেপাল সেনাবাহিনীতে মাওবাদীদের অন্তর্ভুক্তি সমাপ্ত
গৃহযুদ্ধ শেষ হওয়ার ছয় বছর পর নেপালের সেনাবাহিনীতে প্রায় দেড় হাজার মাওবাদী সেনার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়ার সমাপ্তি ঘোষিত হয়েছে।সেনানিবাসের যে জায়গায় জনমুক্তি সেনার সদস্যরা ক্যাম্প করেছিলেন, সেটি এখন তুলে দেওয়া হয়েছে। মাওবাদী এই সেনাদের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ‘এক দেশ, দুই সেনাবাহিনীর’ জটিলতার অবসানে জনমুক্তি সেনা অবলুপ্ত হয়েছে। ‘দ্য হিন্দু’র খবরে আজ মঙ্গলবার বলা হয়, কয়েক সপ্তাহ ধরে নেপাল সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য চূড়ান্ত পরীক্ষায় পাস করেছেন এক হাজার ৩৮৮ জন জনযুদ্ধ সেনা। তাঁরা সবাই সৈনিক পদে যোগ দেবেন। এ ছাড়া ৭৫ জন সাবেক মাওবাদী যোদ্ধা অফিসার পদে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার লিখিত পরীক্ষায় পাস করেছেন। তবে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার পর তাঁদের চাকরি পাকা হবে।কর্মকর্তাদের নয় মাসের এবং সেনাদের সাত মাসের প্রশিক্ষণ নিতে হবে। এরপর ‘ব্রিজ কোর্স’ হিসেবে আরও তিন মাসের প্রশিক্ষণ নিতে হবে কর্মকর্তা ও সেনাদের। সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেসব মাওবাদী যোদ্ধা সেনানিবাসে এসেছিলেন, তাঁদের সংখ্যা গত পাঁচ বছরে ধীরে ধীরে কমানো হয়েছে। ২০০৭ সালের শুরুতে প্রায় ৩২ হাজার ব্যক্তি অন্তর্ভুক্তির জন্য নাম নিবন্ধন করেছিলেন। কিন্তু নেপালে জাতিসংঘের কার্যক্রম (ইউএনএমআইএন) বাছাই করে ১৯ হাজার ৬০২ জনকে ‘যোগ্য’ ঘোষণা করে। বয়স কম হওয়ায় এবং যুদ্ধবিরোধী চুক্তির পর মাওবাদীদের সঙ্গে যোগ দেওয়াসহ বিভিন্ন কারণে চার হাজার জনকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়।২০১১ সালে নভেম্বরে মাওবাদী ও রাষ্ট্রপক্ষের মধ্যে সাত দফা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি বিষয়ে একটি অধিদপ্তর গঠিত হওয়ার কথা। এ অধিদপ্তরের অধীনে সাড়ে ছয় হাজার মাওবাদী যোদ্ধাকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। এ প্রক্রিয়ার শুরুতে সাত হাজার মাওবাদী যোদ্ধাকে নগদ অর্থের বিনিময়ে অবসরে পাঠানো হয় এবং নয় হাজার যোদ্ধাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা।