নেপালকে নিয়ে জলাধার তৈরিতে বাংলাদেশের প্রস্তাবে ভারতের সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালকে নিয়ে যৌথ জলাধার তৈরি করতে আলোচনায় বসতে রাজি হয়েছে ভারত। তিন দেশের জনগণের দুর্ভোগ কমাতে বাংলাদেশ এ প্রস্তাব দিলে ভারত এতে সম্মতি দেয়। দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনশালের নেতৃত্বে জেআরসির ৩৭তম বৈঠক গত শুক্রবার ভারতের রাজধানীতে শেষ হয়েছে। ওই বৈঠকে অভিন্ন নদী তিস্তার পানি বণ্টনে চুক্তি সইয়ের জন্য দুই দেশ খসড়া হস্তান্তর করেছে। পানিসম্পদ সচিবেরা চুক্তির খুঁটিনাটি খতিয়ে দেখে পরে তা চূড়ান্ত করবেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশন গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গঙ্গা চুক্তির ধারা উল্লেখ করে বাংলাদেশ তিন দেশের সমন্বয়ে যৌথ জলাধার করার প্রস্তাব দেয়। বৈঠকে বাংলাদেশ উল্লেখ করে, গঙ্গা চুক্তির অষ্টম ধারায় শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গা নদীর পানির প্রবাহ দীর্ঘ সময় ধরে বাড়ানোর কথা রয়েছে। তিন দেশের স্বার্থে নেপালের সুবিধাজনক একটি এলাকায় একটি যৌথ জলাধার করা যেতে পারে। বাংলাদেশের এ প্রস্তাবে সাড়া দিয়ে ভারত জানায়, এ ব্যাপারে ত্রিদেশীয় একটি বৈঠক ডাকা হবে।ভারত তার বেশ কয়েকটি কেন্দ্র থেকে বন্যার পূর্বাভাসের উপাত্ত পাঠানোয় বাংলাদেশ ধন্যবাদ জানায়। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ভারতের আরও উজানের এলাকা থেকে পুরো বর্ষা মৌসুমে বন্যাসংক্রান্ত তথ্য-উপাত্ত পাঠাতে অনুরোধ করে বাংলাদেশ। ভারত শুভেচ্ছার নিদর্শন হিসেবে ফারাক্কা বাঁধের ৭৮ কিলোমিটার উজানে অবস্থিত শিবগঞ্জ এলাকার বন্যাসংক্রান্ত তথ্য-উপাত্ত বাংলাদেশকে দিতে রাজি হয়েছে। এর ফলে এখন থেকে আরও ১৬ ঘণ্টা আগে বাংলাদেশ বন্যার পূর্বাভাস দিতে পারবে।