নেপালে ধর্মঘট প্রত্যাহার করল মাওবাদীরা
নেপালে মাওবাদীরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল শুক্রবার প্রত্যাহার করেছে। সাধারণ মানুষের ধর্মঘটে কষ্ট হচ্ছে এই যুক্তিতে ছয় দিন চলার পর ধর্মঘট প্রত্যাহার করলেও তাদের বিক্ষোভ নতুন আঙ্গিকে অব্যাহত রাখবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মাওবাদী নেতা পুষ্প কমল প্রচণ্ড। প্রচণ্ড বলেন, ‘সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’ এদিকে বিবিসি অনলাইন জানায়, গতকালও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। কাঠমান্ডুতে গতকালের বিক্ষোভে ২০ হাজার লোক অংশ নেয়। নেপালে এখনো পরিবহন ব্যবস্থা, ব্যবসা ও স্কুলগুলোতে অচলাবস্থা বিরাজ করছে। দেশটি প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে।মাওবাদী নেতা বাবুরাম বাহাতারাই বলেন, এখনো বিক্ষোভ শেষ হয়ে যায়নি, কেবল বিক্ষোভের ধরন পাল্টানো হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের জবাব আমরা সরকারের কাছ থেকে পেয়েছি, যেখানে সরকারই সাধারণ মানুষকে পরস্পরের বিরুদ্ধে উসকে দিয়েছে।’ উল্লেখ্য, সরকার পতনের আন্দোলন হিসেবে গত রোববার থেকে হাজার হাজার মাওবাদী সমর্থক প্রচণ্ডের নেতৃত্বে রাস্তায় অবস্থান নেয়।