নেপালে বিমান দুর্ঘটনায় ১৫ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে আজ মঙ্গলবার একটি নেপালি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন আরোহী নিহত হয়েছে। বিমানটি পূর্ব নেপালের একটি গন্তব্যে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়। খবর পিটিআইয়ের।নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জায়ামুকুন্দু খানাল জানিয়েছেন, বেসরকারি অগ্নি এয়ারের ছোট এই বিমানটি নেপালের পূর্বাঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লুকলায় যাচ্ছিল। কাঠমান্ডু থেকে ১৫ মাইল দক্ষিণে যাওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তিনি জানান, তাত্ক্ষণিকভাবে উদ্ধারকাজ পরিচালনার জন্য উদ্ধারকর্মীদের সেখানে পাঠানো হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জায়গাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে বেশ অসুবিধা হচ্ছে।নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারগুলোও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে পৌঁছতে পারছে না বলে জানা গেছে।এদিকে স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে নেপাল টেলিভিশন জানিয়েছে, বিমানটি কাঠমান্ডুর দক্ষিণ-পশ্চিমের ম্যাকনপুর জেলায় বিধ্বস্ত হয়। মূলত প্রতিকূল আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।