নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ১৯
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুক্রবার সকালে ১৯ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। বিমানটিতে যুক্তরাজ্যের সাতজন ও চীনের পাঁচজন যাত্রী ছিলেন। বিমানের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।পুলিশের মুখপাত্র বিনোদ সিং জানান, ডরনিয়ার নামের দুই ইঞ্জিনবিশিষ্ট ছোট আকারের ওই বিমানটি শিতা এয়ার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। আজ সকালে ১৯ জন যাত্রী নিয়ে এটি কাঠমান্ডু থেকে এভারেস্ট পর্বত অঞ্চলের লুকলা এলাকার দিকে রওনা হয়। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়। বিনোদ সিং বলেন, ‘অবস্থাদৃষ্টে বোঝা গেছে যে চালকেরা বিমানটিকে একটি নদীর তীরে নিরাপদে অবতরণ করাতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানে আগুন ধরে যায়।’দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় আবহাওয়া বেশ ভালো ছিল বলে সূত্র জানায়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন বিদেশি, চারজন নেপালি ও বিমানের তিনজন ক্রু রয়েছেন।নেপালের ছোট বিমানগুলোতে দুর্ঘটনা খুব নতুন কিছু নয়। গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়।