নেপালে মন্ত্রীদের গণপদত্যাগ
খসড়া সংবিধান প্রণয়ণ চূড়ান্ত করতে নেপালের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্য রাতে ৪৮ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এখন সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করতে পারবেন। যদিও বিরোধী দলগুলোর দাবি ছিল সংবিধান প্রণয়নের স্বার্থে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।নেপালের সমন্বিত কমিউনিস্ট পার্টি (মাওবাদী), নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল (সংযুক্ত মাওবাদী-লেনিনবাদী) ও সমন্বিত গণতান্ত্রিক মাদেশি ফ্রন্টের মধ্যকার পাঁচ দফা চুক্তি অনুযায়ী সংবিধান চূড়ান্ত করার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা ছিল। যাতে দেশটিতে একটি জাতীয় সরকার গঠন সম্ভব হয়।গণমাধ্যম সূত্রে জানা যায়, নেপালের রাজনৈতিক দলগুলো চলতি বছরের ২৭ মের মধ্যে সংবিধানের খসড়া চূড়ান্ত করার ব্যাপারে সময়সীমা বেঁধে দিয়েছে। দেশটির সর্বদলীয় সরকার একটি নতুন সংবিধান প্রতিষ্ঠা করবে। তারা এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে। এর মধ্যে ওই সর্বদলীয় সরকার শুধু দাপ্তরিক কাজ-কর্ম চালাবে। মাওবাদীরা চায় বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভিত্তিতে নেপালে ১৪টি প্রদেশ থাকবে। বিপরীতে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের দাবি অর্থনৈতিক বাস্তবতা মেনে সাত থেকে আটটি প্রদেশ করতে হবে।একদিকে মাওবাদীরা চায় নির্বাহী ক্ষমতাসম্পন্ন একজন সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট। অন্যদিকে নেপালি কংগ্রেস চায় নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে।প্রসঙ্গত, নেপালের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, ২০১০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর একটি সংবিধান প্রণয়নের কথা ছিল। তবে আদালত এ সময়সীমা বাড়িয়ে ২০১২-এর মে পর্যন্ত করেছে। এর বাইরে আদালত দলগুলোকে আর কোনো সময় দেবে না। টাইমস অব ইন্ডিয়া।