নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত
নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই নতুন সাংবিধানিক পরিষদ গঠনে আগামী ২২ নভেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাঁর এ সিদ্ধান্তের প্রতিবাদে মাওবাদী নেতৃত্বাধীন জোট সরকারের তিন শরিক দল আজ সোমবার পদত্যাগ করেছে। আজ বার্তাসংস্থা রয়টার্স ও দ্য হিমালয়ান টাইমস অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। নেপালের রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন একটি সংবিধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর মধ্যে গতকাল সাংবিধানিক পরিষদের চার বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা আপনা-আপনি বিলুপ্ত হয়ে যায়। সাংবিধানিক অচলাবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে গতকাল রোববার পরিষদের মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে মন্ত্রিপরিষদের বৈঠক ডেকে প্রধানমন্ত্রী ২২ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণা দেওয়ার পর মাওবাদী জোট সরকারের তিন ছোট শরিকদল আজ সোমবার পদত্যাগ করেছে। উপ প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করার পর কম্যুনিস্ট ইউনিফাইড মাওয়িস্ট-লেনিনিস্ট (ইউএমএল) দলের নেতা ঈশ্বর পোখারেল বলেন ‘আমাদের সঙ্গে কোনো রকম পরামর্শ ছাড়াই প্রধানমন্ত্রী হঠাত্ নির্বাচনের ঘোষণা দেন।’ রয়টার্সকে তিনি বলেন, ‘নতুন নির্বাচনের আয়োজনে এই সরকারের সাংবিধানিক বা রাজনৈতিক কোনো বৈধতা নেই।’মাওবাদীরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে নির্বাচনকে ব্যবহার করে কূটচাল চালছেন বলে অভিযোগ করছেন সমালোচকেরা। জোট থেকে পদত্যাগকারী দলগুলোসহ বিরোধী রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহবান জানাতে পারে। এতে ২০০৬ সালে শেষ হওয়াা গৃহযুদ্ধের পর আবার সংকটের মুখে পড়তে পারে দেশটি। গত সপ্তাহে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। কাঠমাণ্ডুর নিরাপত্তাবাহিনীকে ‘সর্বোচ্চ সতর্কতায়’ থাকতে বলা হয়েছে। আজ কাঠমাণ্ডুর রাস্তাঘাট শান্ত দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকার রাস্তায় চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে বিক্ষোভ করতে দেখা গেছে। কাঠমাণ্ডুর লাল বাহাদুর লামা (৬৩) নামের এক শ্রমিক বলেন, ‘সংবিধানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো আগ্রহ নেই। তারা স্রেফ টাকার লোভে ক্ষমতায় যেতে চায়। আমাদের জন্য তাদের কোনো মাথাব্যথা নেই।’ জাতিগত দিক থেকে দেশকে ভাগ করার দাবিকে কেন্দ্র করে গতকাল পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিষয়টিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির নানা জাতি-গোষ্ঠীকে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে।রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (আরপিপি) নেতা এবং বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী পরশুরাম খাপুং এবং সমবায় ও দারিদ্র্য মোচন মন্ত্রী একনাথ ধকল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সমঝোতা ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থমন্ত্রী বর্ষমান পুন বলেন, নেপালি কংগ্রেস এবং ইউএমএলের মধ্যকার বিতর্কের মীমাংসা না হওয়ায় শেষ অবলম্বন হিসেবে সাধারণ নির্বাচন ঘোষণা ছাড়া কোনো বিকল্প ছিল না। পুন বলেন, ‘নতুন একটি সংবিধান প্রণয়নে ব্যর্থ হয়ে নেপালের জনগণের কাছে আমরা ক্ষমা চাইছি।’ সাংবিধানিক পরিষদের চেয়ারম্যান সুবাস নেমবাংও এ ব্যর্থতার দায় স্বীকার করেন। ২০০৬ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ভট্টরাই হলেন নেপালের পঞ্চম প্রধানমন্ত্রী। গৃহযুদ্ধে দেশটির ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয় আর এর মাধ্যমে বহু বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটে।