নেপালে সমকামীদের ক্রীড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় সমকামী ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে নেপালের একটি সমকামী অধিকার সংগঠন। রাজধানী কাঠমান্ডুতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার আয়োজকেরা জানান, তিন দিনের ওই প্রতিযোগিতায় অংশ নিতে ৩০টি দেশের ৩০০ জনের বেশি সমকামী ও হিজড়া ক্রীড়াবিদ এরই মধ্যে নিবন্ধন করেছেন। তাঁরা জানান, লিঙ্গীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, সমকামীদের এ প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় ‘ব্লু ডায়মন্ড সোসাইটি’ নামের একটি সমকামী অধিকার সংগঠন। কয়েকটি বিদেশি দূতাবাসের সাহায্যে এ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।ব্লু ডায়মন্ড জানিয়েছে, যৌন ও লিঙ্গীয় সংখ্যালঘুরাও যেন খেলাধুলার মতো মূলধারার কর্মকাণ্ডে অংশ নিতে পারে, সে জন্যই এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মাধ্যমে প্রচলিত ভুল ধারণার বিপরীতে ওই শ্রেণী নিজেদের সক্ষমতা প্রকাশ করার সুযোগ পাবে।দক্ষিণ এশিয়ার অনেক দেশেই সমকামিতা অবৈধ। বাংলাদেশ ও পাকিস্তানে এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে। নেপালে ২০০৭ সালে এর বৈধতা দেওয়া হয়েছে। ওই দেশের সুপ্রিম কোর্ট সরকারকে সমকামী নারী-পুরুষ, উভয়লিঙ্গ, হিজড়াসহ লিঙ্গীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতি নির্দেশনা দিয়েছেন। তবে সর্বোচ্চ আদালতের এ নির্দেশনা সত্ত্বেও নেপালে হিজড়া জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে, সমকামীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সাবেক সাঁতারু গ্রেগ লুগানিস। উদ্বোধনী বক্তৃতায় তিনি প্রতিযোগীদের খেলাধুলার চেতনা বজায় রাখার আহ্বান জানান। আয়োজকেরা আরও জানায়, ঝুঁকি নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের কয়েকজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। অন্যদের মধ্যে ২৫০ জন নেপালি। এ ছাড়া ১০০ জন যোগ দিয়েছেন রাশিয়া, ডেনমার্কসহ কয়েকটি দেশ থেকে।ওই প্রতিযোগীরা ক্রীড়া অনুষ্ঠানে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন না। ব্যক্তিগতভাবে শরীরচর্চা, ফুটবল, ব্যাডমিন্টন ও বাস্কেটবলের মতো খেলায় অংশ নেবেন।