নেপালের পর্যটন কেন্দ্রে জমে উঠছে অবৈধ অস্ত্রের ব্যবসা
নেপালের রাজধানী কাঠমান্ডুর কেন্দ্রীয় পর্যটন এলাকা থামেল এখন বন্দুক এবং ছোট আগ্নেয়াস্ত্র ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে।কাঠমান্ডুর পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, মাদক কারবারি এবং অপরাধীদের দৌরাত্মের ফলে এলাকাটি ক্রমেই সহিংস হয়ে উঠছে।সস্তা রেস্তোরাঁ, যেনতেনভাবে গজিয়ে ওঠা হোস্টেল ও দোকানপাটের কারণে থামেল দীর্ঘকাল যাবত্ নেপালের পর্যটন রাজধানী হিসেবে পরিচিত। অধিকাংশ পর্যটকই দেশটির অভ্যন্তরে সুদীর্ঘ দুর্গম পথে যাত্রা করার আগে এখানে অন্তত একদিন কাটিয়ে যান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এখানে কলার প্যানকেক ও নিরামিষ খাবারের ক্যাফের পাশাপাশি অনেক স্ট্রিপ বার ও ড্যান্স ক্লাবও গজিয়ে উঠছে। এই বার ও ক্লাবগুলোর বেশির ভাগ কর্মচারীই কম বয়সী মেয়ে, যাঁদের দেশের বিভিন্ন স্থান থেকে পাচার করে রাজধানীতে নিয়ে আসা হয়েছে।পুলিশ সুপার রামেশ খারেল বলেন, ‘আমরা জানতে পেরেছি, থামেলে অনেক অবৈধ লেনদেন হচ্ছে।’ এ বিষয়ে থামেলের দোকানদারেরা জানিয়েছেন, এ এলাকায় অপরাধী চক্রগুলো ক্রমেই আরও বেশি ক্ষমতা অর্জন করে চলেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান কর্মচারী বলেন, ‘অপরাধীরা এখানে রাতের বেলায় এসে মারধর করে, এমনকি গুলিও চালায়। তাদের কারণে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি।’রামেশ খারেল জানিয়েছেন, অপরাধী চক্রগুলো যেসব অস্ত্র ব্যবহার করে সেগুলো ভারত, বিশেষ করে উত্তর প্রদেশ ও বিহার থেকে, চোরাচালান হয়ে আসে। রামেশ খারেল আরও বলেন, তিনি খেয়াল করেছেন, এ এলাকায় চীনের উত্তর সীমান্ত পার হয়ে লাসা থেকে আসা ছোট আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেড়ে গেছে। থামেলের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, পতিতালয় এবং মদ্যপানের কারণে থামেল ধীরে ধীরে কাঠমান্ডুর একটি কুখ্যাত এলাকায় রূপান্তরিত হচ্ছে। তিনি আরও বলেন, যে হারে সহিংস ঘটনার সংখ্যা বেড়ে চলেছে তাতে বিদেশি পর্যটকেরাও ভীত হয়ে পড়ায় তিনি খুবই চিন্তিত। এ বিষয়ে রামেশ খারেল বলেন, অপরাধী চক্রগুলোর সন্ধানে পুলিশ এ এলাকায় নিয়মিত অভিযান ও টহল চালিয়ে যাচ্ছে। গোয়েন্দারাও খবর সংগ্রহের চেষ্টা বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি। কয়েক মাসের মধ্যেই আমরা এ সমস্যা নিয়ন্ত্রণ করতে পারব।’