নেপালের পার্লামেন্ট সংবিধান প্রণয়নের জন্য আরও এক বছর সময় দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পার্লামেন্ট গতকাল শুক্রবার নতুন সংবিধান প্রণয়নের জন্য গঠিত বিশেষ অ্যাসেম্বলির মেয়াদ আরও এক বছর বাড়ালো। এর ফলে এক দশকব্যাপী গৃহযুদ্ধের পর দেশটিতে শান্তি ফিরে আসার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার নতুন আশা তৈরি হলো। সাবেক মাওবাদী বিদ্রোহীদের অন্যতম দাবি হচ্ছে একটি নতুন সংবিধান রচনা। তার জন্য ২০০৮ সালে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচিত হয়। এই অ্যাসেম্বলির মেয়াদ গতকাল শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়। কিন্তু অ্যাসেম্বলিটি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাওবাদীদের নানা বিষয়ে বচসা ও পারস্পরিক গভীর অনাস্থার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান রচনা করতে ব্যর্থ হয়।বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেষ পর্যন্ত ক্ষমতাসীন দলগুলো মাওবাদীদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করবেন এ সিদ্ধান্তে পৌঁছালে, মাওবাদীরাও শেষ মুহূর্তে সরকারের প্রস্তাব অনুযায়ী অ্যাসেম্বলির মেয়াদ বাড়াতে রাজি হন।অ্যাসেম্বলির মেয়াদ বৃদ্ধির পক্ষে ৫৮০ জন ও বিপক্ষে মাত্র পাঁচজন প্রতিনিধি ভোট দেন, যা অ্যাসেম্বলির সদস্যদের নেপালের প্রথম সংবিধান রচনার জন্য যথেষ্ট সময় দেবে।ক্ষমতাসীন দলগুলোর মধ্যে অন্যতম নেপালি কংগ্রেসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অর্জুন নরসিং রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রী শিগগিরই একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের পথ পরিষ্কার করবেন। বর্তমানে নেপালের শাসনব্যবস্থা একটি অন্তর্বর্তী সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে।চলতি মাসের শুরুর দিকে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে মাওবাদীরা নেপালে ছয় দিনব্যাপী এক ধর্মঘটের ডাক দেয়, যা দেশটিতে অচলাবস্থা সৃষ্টি করে।