নেপালের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রচণ্ড হেরে গেছেন, ভারতকে দোষারোপ
টানা ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচন হেরে গেছেন নেপালের বিরোধীদলীয় মাওবাদী পার্টির চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচণ্ড।নেপালের এই বিতর্কিত নির্বাচন শুরুর আগে থেকেই মাওবাদী সাবেক গেরিলারা তাদের ব্যর্থতার জন্য ভারতকে দোষারোপ করছিল। প্রধানমন্ত্রী নির্বাচনে প্রচণ্ডর পরাজয় নিশ্চিত করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল বলে দাবি করেছে মাওবাদীরা।নেপালের পার্লামেন্টে প্রচণ্ড তাঁর মাওবাদী পার্টির সদস্যদের ২৩৬টি ভোট এবং অন্যান্য পার্টি থেকে চারটি ভোট পেয়েছেন তিনি। এর পরও নেপালের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাঁর প্রয়োজন ছিল আরও ৬০টি ভোট। পার্লামেন্টের ১০১ জন সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। নিরপেক্ষ ছিলেন ১৬৩ জন সদস্য।আঞ্চলিক পার্টিগুলো ভেঙে দিয়ে তাদের সমর্থনে নির্বাচনে জেতার যে কৌশল মাওবাদী পার্টি নিয়েছিল, তা চরমভাবে ব্যর্থ হয়েছে।গত ৩০ জুন মাওবাদীদের আন্দোলনে নেপালের তত্কালীন প্রধানমন্ত্রী মাধবকুমার নেপাল পদত্যাগ করার পর জুলাই মাস থেকে এ পর্যন্ত ছয়বার নেপালের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।