নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণ প্রসাদ ভট্টরাই আর নেই
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণ প্রসাদ ভট্টরাই গতকাল শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ভট্টরাই কাঠমান্ডুর নরভিক হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। নানা ধরনের জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে গত মাসে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। ভট্টরাইয়ের চিকিত্সক ভরত রাওয়াত জানিয়েছেন, তিনি মূলত কিডনির সমস্যায় ভুগছিলেন। তবে পরে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গগুলোও বিকল হয়ে পড়ে। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে সফল প্রচারাভিযানের পর ১৯৯০ সালে ভট্টরাই নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৯ সালের মে থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত তিনি দ্বিতীয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভট্টরাই তাঁর ক্ষমতার প্রথম মেয়াদে একটি নতুন সংবিধান প্রণীত হয়েছিল, এতে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছিল। তখন নেপালে দুর্নীতিবিরোধী অভিযান হলে তাঁকে একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত করে। নেপাল সরকার কৃষ্ণ প্রসাদ ভট্টরাইয়ের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করেছে। কাল রোববার কাঠমান্ডুতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।