নেপালের ‘মাওবাদী’ শিশু সৈন্যদের মুক্তি দেবে সরকার
নেপালের বিভিন্ন শিবিরে আটক অন্তত তিন হাজার ‘মাওবাদী’ শিশু সৈনিককে মুক্তি দিতে যাচ্ছে নেপাল সরকার। ২০০৬ সালে স্বাক্ষরিত হওয়া শান্তিচুক্তির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে এই মুক্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।বিবিসি জানিয়েছে, নেপালের সিন্ধুলিতে অবস্থিত জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা একটি শিবির থেকে তারা মুক্তি পেতে চলেছে। এসব শিশুকে পড়াশোনা অথবা বৃত্তিমূলক শিক্ষা অথবা ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।নেপালে মোট সাতটি শিবিরে অন্তত ২০ হাজার মাওবাদী বিদ্রোহী রয়েছে। তাদের মধ্যে ১৮ বছরের কম বয়সী সৈন্য রয়েছে তিন হাজার।নেপাল সরকার গত নভেম্বর থেকে সব শিশু সৈন্যকে মুক্তি দেওয়ার কথা বলেছিল। রাজধানী কাঠমাণ্ডু থেকে ১২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুধাউলির একটি শিবিরের ডেপুটি কমান্ডার গোপাল পাণ্ডে বলেন, মুক্তির খবরে শিশু সৈনিকেরা বিমর্ষ হয়ে পড়েছে। তবে তারা এটাও বুঝতে পারছে যে শান্তি প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে হলে তাদের এসব শিবির ছেড়ে যেতে হবে।শান্তিচুক্তির অংশ হিসেবে নেপালের মাওবাদী বিদ্রোহীদের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও নেপালের সেনাবাহিনীর প্রধান তা করতে অস্বীকৃতি জানান।নেপালে ২০০৮ সালের সাধারণ নির্বাচনে মাওবাদীরা জয়লাভ করলে প্রধানমন্ত্রী হন প্রচণ্ড। তিনি তত্কালীন সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করলে সংকট সৃষ্টি হয়। এই রাজনৈতিক সংকটের কারণে প্রচণ্ড পদত্যাগ করেন এবং তাঁর দলও ক্ষমতা থেকে সরে দাঁড়ায়।