নেভাদার প্রাইমারিতে রমনির জয়
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা মিট রমনি নেভাদা অঙ্গরাজ্যের প্রাইমারিতে সহজ জয় পেয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্পিকার নিউট গিংরিচের চেয়ে তিনি ২০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। এর পরই আছেন রন পল। গিংরিচ ও পলের মধ্যে দ্বিতীয় স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত রন পল দ্বিতীয় হন। আল জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে।নির্বাচনের আগেই দুর্বল অর্থনীতির এই অঙ্গরাজ্যকে রমনির জন্য অনুকূল ভাবা হয়েছিল। ২০০৮ সালেও তিনি ৫১ শতাংশ ভোট পেয়ে নেভাদার প্রাইমারিতে জয়ী হয়েছিলেন।নেভাদার দুর্বল অর্থনীতিকে চাঙা করতে রমনি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে এই অঙ্গরাজ্যে বেকারত্বের হার ১২ দশমিক ৬ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি।এখন পর্যন্ত পাঁচটি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা ও নেভাদায় মিট রমনি জয়ী হয়েছেন। এ ছাড়া সাউথ ক্যারোলাইনা ও আইওয়ার ভোটে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। আগামী মঙ্গলবার কলোরাডো, মিনেসোটা ও মিসৌরি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহের শনিবারে মেইনিতে এবং চলতি মাসের ২৮ তারিখে অ্যারাইরিজোনা ও মিশিগান অঙ্গরাজ্যে পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে।