নেভি সিল কমান্ডারের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের একজন কমান্ডার মারা গেছেন। গত রোববার দেশটির প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেন, তাঁর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। গতকাল রোববার রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।পেন্টাগন এক বিবৃতিতে জানায়, কমান্ডার জব প্রাইস (৪২) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পটসটাউনের বাসিন্দা ছিলেন। আফগানিস্তানের উরুজগান প্রদেশে গত শনিবার লড়াইবিহীন আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, তাঁর মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা জব প্রাইস বিশেষ বাহিনী সিল টিম ফোরের কমান্ডিং অফিসার ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার একটি কাজে ব্যর্থতার পরিচয় দেন প্রাইস। পরে তাঁকে সেনাছাউনি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁর সহকর্মীরা।প্রাইসের মৃত্যু সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন নৌবাহিনীর যুদ্ধবিষয়ক বিশেষ দলের মুখপাত্র লেফটেন্যান্ট ডেভিড লয়েড। তিনি জানান, প্রাইসের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।