লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে গত মঙ্গলবার অস্ত্রধারীদের হামলার ঘটনায় আরও দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টাইরন উডস ও গ্লেন ডোহারটি নামের ওই দুই ব্যক্তি মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলসের সাবেক সদস্য।এই বিশেষ বাহিনীর কমান্ডোরা ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। ওই উপ-দূতাবাসে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে লিবিয়া সরকার।এদিকে যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার অভিযোগ তুলে বিক্ষোভে অংশ নেওয়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলমানদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল বৃহস্পতিবার রয়টার্সে ও আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়।গত বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বেনগাজিতে হামলার ঘটনায় নিহত টাইরন উডস ও গ্লেন ডোহারটির লাশ শনাক্ত করেন। হামলার সময় নেভি সিলসের এই দুই সাবেক কর্মকর্তা তাঁদের সহকর্মীদের রক্ষার চেষ্টা করছিলেন বলে জানান কর্মকর্তারা।টাইরন ও গ্লেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরাক ও আফগানিস্তানে নেভি সিলসের সদস্য হিসেবে টাইরন ও গ্লেনের সুদীর্ঘ অভিজ্ঞতা ছিল বলে ওই বিবৃতিতে জানানো হয়। বেনগাজির হামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। এই হামলার পেছনে কারও প্ররোচনা ছিল কি না, এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বেনগাজিতে যুক্তরাষ্ট্র ও লিবিয়ার কর্মকর্তারা যৌথভাবে ওই হত্যাকাণ্ডের তদন্ত করছেন। এটি ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিদের কোনো সংঘবদ্ধ হামলা কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আবু সাকুর বিবিসিকে জানান, তাঁদের তদন্তে বেশ অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে লিবিয়ার সম্পর্কের অবনতি হোক, তা তিনি চান না।বান কি মুনের আহ্বান: লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় দারুণ হতাশ বান কি মুন। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওই চলচ্চিত্রে ইচ্ছাকৃতভাবে গোঁড়ামি ও রক্তপাতের বীজ বোনা হয়েছে বলে মনে করায় তিনি চলচ্চিত্রটির প্রতি নিন্দা জানান।চলচ্চিত্রটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উত্তেজনা প্রশমিত করতে বান কি মুন বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। এ সমস্যা কাটিয়ে উঠতে পারস্পরিক আলোচনা, শ্রদ্ধা ও সমঝোতার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বেনগাজি শহরে মার্কিন উপ-দূতাবাসে হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আবারও তীব্র নিন্দা জানান মুন।