নেরিকা জাতের ধান নিয়ে নিরাশ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করা নেরিকা-১০ জাতের ধান চাষ করে বিপাকে পড়েছেন রাজশাহী ও যশোরের কৃষকেরা। ৬০ দিনের মধ্যে ধানের শিষ আসার কথা থাকলেও তা হচ্ছে না। ধানখেত ভরে গেছে আগাছায়। আক্রান্ত হচ্ছে পোকামাকড় ও খরায়।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা গেছে, স্বল্প জীবনকাল ও প্রতিকূলতা-সহিষ্ণু ফসল আবাদ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আফ্রিকা মহাদেশের উগান্ডা থেকে নেরিকা জাতের বীজ নিয়ে আসা হয়। ধানের জীবনকাল ৯০ থেকে ১০০ দিন। ৬০ দিনে আসবে ধানের শিষ। খরা, রোগবালাই ও পোকামাকড়-সহিষ্ণু এই ধানটি আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই করা যায়। বিএডিসি ২০০৯ সাল থেকে নেরিকা ধানের বীজ উৎপাদন শুরু করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট, বাঘা, গোদাগাড়ি ও পবা উপজেলার ৭৫০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে নেরিকা-১০ জাতের আট কেজি করে ধান, ১৬ কেজি করে ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। একই পরিমাণ করে ধান ও সার দেওয়া হয় যশোরের আট উপজেলার তিন হাজার কৃষককে।সম্প্রতি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া ও আরবপুর ইউনিয়নের তফসিডাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে, নেরিকা-১০ ধানের জমি অনেকটা ঘাসের জমির মতো দেখতে। ধানখেত ভরে গেছে আগাছায়। গাছের উচ্চতা পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো। তরফ নওয়াপাড়া গ্রামের কৃষক আবদার আলী বলেন, তিন বিঘা জমিতে ২৫ বৈশাখ নেরিকা-১০ ধানের বীজ বপন করেছি। ৬৮ দিনেও ধানের শিষ না আসায় খেত ভেঙে অন্য ধান বুনেছি। একই কাজ করেছেন তফসিডাঙ্গা গ্রামের কৃষক আলী। তিনি বলেন, ‘নেরিকা ধান বুনে ১৭ হাজার ৯০০ টাকা খরচ হয়েছে। আমাদের এই ক্ষতি কৃষি বিভাগকে পূরণ করতে হবে।’ রাজশাহীর পবা উপজেলার তেঁতুলডাঙ্গা নগরপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের জমির নেরিকা ধানের শিষ ৭৭ দিনেও বের হয়নি। তিনি বলেন, ‘আমার মুনে বুইলছে না যে এই ধান হবে। অন্য জাতের ধান হইলে এত দিনে আধহাঁটু পর্যন্ত উঠে যাইত।’ তিনিও ধানখেত ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছেন।পবার বেদকুড়ি গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, খরাসহিষ্ণু বলা হলেও নেরিকা ধান খরা সহ্য করতে পারে না। পোকামাকড়ের অত্যাচারে দু-তিন দিন পরপরই কীটনাশক ছিটাতে হয়। জমি থেকে আগাছা শেষ হয় না। এত খরচ করেও বিঘায় মাত্র চার মণ হারে ধান পেয়েছি। শার্শা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অমল কান্তি পাল প্রথম আলোর কাছে স্বীকার করেন, অন্য জাতের তুলনায় নেরিকা-১০ ধানের বৃদ্ধি অনেক কম। গাছের কুশি বা ঝাড় সেভাবে হচ্ছে না। এ ধানের খেতে প্রচুর ঘাস জন্মাচ্ছে। ওই ঘাস পরিষ্কার করতে অনেক অর্থ খরচ হচ্ছে কৃষকের।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হেমায়েত হোসেন বলেন, ৬০ দিনের মধ্যে নেরিকা-১০ ধান গাছে আসার কথা। ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে ফসল ঘরে উঠবে। সার্বিকভাবে মনে হচ্ছে, এ ধানের উৎপাদন ততটা ভালো হবে না। আরও কয়েক দিন অপেক্ষা করার কথা জানিয়েছেন রাজশাহীর উপপরিচালক নুরুল আমিন। নেরিকা ধান প্রসঙ্গে বিএডিসি রাজশাহীর উপপরিচালক (বীজ) আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘এটা নতুন জাত। খাপ খাওয়াতে সময় লাগবে। এ ধান কম পানিতে চাষ করা যায়। তার অর্থ এই নয় যে প্রথম থেকেই পানি ছাড়া করা যাবে। ভবিষ্যতে ভালো ফলন হবে বলে আশা করা যায়।’আর কৃষি সম্প্রসারণ বিভাগ যশোরের প্রশিক্ষণ কর্মকর্তা চৈতন্য কুমার দাস বলেন, নেরিকা ধান বীজের বৈশিষ্ট্য হচ্ছে, জমি প্রস্তুত করে লাইন ধরে সরাসরি বপন করতে হয়। বপনের আগে প্রতি উপজেলার কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাষ পদ্ধতিসংবলিত একটি করে বইও কৃষককে দেওয়া হয়েছে। কিন্তু কৃষকদের বেশির ভাগ লাইন ধরে বপন করেননি। যার জন্য ধানের খেতে আগাছা বেশি হয়েছে, যা পরিষ্কার করতে কৃষকদের বেশি শ্রম লাগছে। অনেকে খরচের ভয়ে আগাছা পরিষ্কার করাননি। এ জন্য ধানগাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।