নেসক্যাফে ‘ব্যান্ড অব দ্য ফিউচার’ গ্রুপ ‘বি’
‘নেসক্যাফে ব্যান্ড অব দ্য ফিউচার’ নির্বাচিত হল গ্রুপ ‘বি’। বিজয়ী ‘নেসক্যাফে ব্যান্ড অব দ্য ফিউচার’-এর ৬ সদস্য হলেন লিড গিটারিস্ট রেজোয়ান, ভোকাল দ্বীপ, কি-বোর্ডিস্ট সোহাগ, বেইজ গিটারিস্ট রোমান্স, ড্রামার শিশির এবং পাবলো পিকাসো। পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ব্যান্ড অব দ্য ফিউচার ক্রেস্ট, নেসক্যাফে’র সঙ্গে একটি অ্যালবাম প্রকাশের চুক্তি, অ্যাডভান্সড ট্রেনিং-এর সুযোগ, ১ বছরের জন্য একটি ফ্রি প্র্যাকটিস প্যাড, ৬ লক্ষ টাকার চেক এবং ১ বছরের জন্য নেসক্যাফে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ। রানার আপ গ্রুপটি পেয়েছে রানার আপ ক্রেস্ট, নেসক্যাফে’র সঙ্গে একটি অ্যালবাম প্রকাশের চুক্তি, অ্যাডভান্সড ট্রেনিং-এর সুযোগ এবং ৩ লক্ষ টাকার চেক। ১৪টি দল নিয়ে অনুষ্ঠিত এক্সপ্রেসো রাউন্ড থেকে সর্বশেষ টিকে থাকা দুটি দল নিয়ে সাভারের ব্র্যাক সিডিএম গ্রাউন্ডে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উর্মিলা ও সায়েম, পরিচালনা করেছেন তাহের শিপন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড। বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব খান, প্রতিযোগিতার প্রধান তিন বিচারক আইয়ুব বাচ্চু, পিলু খান ও বাপ্পা মজুমদার। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোকাল ও মিউজিশিয়ানদের খুঁজে বের করে তাঁদের মধ্য থেকে নেসক্যাফে ও চ্যানেল আই নির্বাচিত করে ‘নেসক্যাফে ব্যান্ড অব দ্য ফিউচার’। বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন লরেন্ট থেরন্ড ও ফরিদুর রেজা সাগর। চ্যাম্পিয়ন এবং রানার আপ দু’দলের জন্যই ছিল বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এসব তরুণ মিউজিশিয়ানরা যেন তাঁদের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন এবং ভবিষ্যতে সংগীতাঙ্গনে অবদান রাখতে পারেন সে জন্য তাঁদের পূর্ণাঙ্গ সংগীতকার হিসেবে গড়ে তুলতে নেসক্যাফে নানা উদ্যোগ নিয়েছে।‘বামবা’র প্রেসিডেন্ট হামিন আহমেদ নেসক্যাফে ব্যান্ড অফ দ্য ফিউচারকে বামবার মেম্বারশিপ প্রদান করেন। নেসক্যাফে গেট সেট রক-এর শুরু থেকেই সারাদেশের তরুণদের মাঝে দেখা যায় দারুণ আগ্রহ। অনুষ্ঠানে গ্রুমিং মাস্টারের সম্মাননা পেয়েছেন পার্থ বড়ুয়া। ব্যান্ড সংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন লাকী আখন্দ। আরও সম্মাননা পেয়েছেন সারাদেশে বাছাইপর্বে অংশ নেয়া বিচারক তানিম আহমেদ, সোহেল আজিজ, টন্টি, সাবা তানি, লাবু রহমান, লিটন অধিকারী রিন্টু, পিয়াল, সেলিম হায়দার, মিলন ভট্টাচার্য্য, মেজবাহ, মিলন মাহমুদ, বুলেট ও শামীম খান। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সর্বশেষ টিকে থাকা ২টি দলই মনোমুগ্ধকর বিভিন্ন সংগীত পরিবেশন করে। এ ছাড়া বিজয়ী দল তাদের নিজস্ব কম্পোজিশনে একটি গান পরিবেশন করে। সেরা দুটি ব্যান্ডের মধ্য থেকে বিচারকদের দেওয়া নাম্বার এবং দর্শকদের পাঠানো এসএমএস-এর পার্সেন্টেজ যোগ করে ‘নেসক্যাফে ব্যান্ড অব দ্য ফিউচার’ নির্বাচন করা হয়েছে।