নেয়ামুলকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্ষা করানোর উদ্দেশ্যে পাতিলে রেখে পঙ্গু করা শিশু নেয়ামুলকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সংবাদ চ্যানেল কেব্ল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) শিশুটির চিকিৎসায় সার্বিক সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার করা হবে।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও নেয়ামুলের আইনজীবী এলিনা খান আগামী মাসে শিশুটি ও তার বাবা উমেদ আলীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নেয়ামুল বর্তমানে র‌্যাবের নিরাপত্তা হেফাজতে রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী এলিনা খান প্রথম আলোকে বলেন, দেশে কেউ নেয়ামুলের চিকিৎসায় এগিয়ে আসেনি। সিএনএন তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান চিকিৎসার জন্য অর্থ-সহায়তা ও পড়াশোনার ব্যয়ভার বহনের আগ্রহ প্রকাশ করে। পরবর্তী সময়ে সিএনএন বিষয়টি জানালে নেয়ামুলকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেয় তাঁর সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন। নেয়ামুল বিদেশ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন এলিনা খান।অধিকতর তদন্তের নির্দেশ: এদিকে শিশু নেয়ামুলের বিষয়টি তদন্ত করতে সরকারের গঠিত কমিটির প্রতিবেদন অধিকতর তদন্তের জন্য আদালত ফেরত পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব আবু সাঈদ মোল্লা এ কথা জানিয়েছেন। সরকারের গঠিত ওই তদন্ত কমিটির প্রতিবেদনে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বিকলাঙ্গ করার ঘটনা ‘মিথ্যা ও সাজানো’ বলে উল্লেখ করা হয়েছিল।এ প্রসঙ্গে আবু সাঈদ মোল্লা প্রথম আলোকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন, র‌্যাবের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগপত্র ও অন্যান্য প্রতিবেদনের বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে কারণ খুঁজে বের করতে বলেছেন আদালত। এ ছাড়া ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে বলা হয়েছে।জানা গেছে, এ ঘটনার অধিকতর তদন্তের জন্য আবার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মাইন উদ্দিন খন্দকারকে। অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিদ্দিক উল্লাহ ভূঞা, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল ও পুলিশ সদর দপ্তরের এআইজি আলমগীর আলম।আগের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে এলিনা খান বলেন, ‘পাতিলে রেখে ভিক্ষা করানোর উদ্দেশ্যে নেয়ামুলকে বিকলাঙ্গ করার ঘটনার বিষয়ে সরকারের তদন্ত কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে, তা হাস্যকর। এটা কোনো তদন্ত প্রতিবেদন হয়নি, কমিটির প্রধানের ব্যক্তিগত মতামত মাত্র। যে কারণে আদালত কমিটির সদস্যদের ভর্ৎসনা করেছেন। আশা করি, অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটি প্রকৃত ঘটনা খুঁজে বের করবে।’এ বিষয়ে জানতে চাইলে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির সদস্য র‌্যাব কর্মকর্তা কমান্ডার এম সোহায়েল বলেন, কমিটি শিগগিরই বৈঠকে বসবে। নেয়ামুল তাঁদের নিরাপত্তা হেফাজতে সুস্থ আছে বলে জানান সোহায়েল।ঘটনা যেভাবে আলোতে আসে: ২০১০ সালের ২৯ ডিসেম্বর র‌্যাব এক সংবাদ সম্মেলনে শিশুদের নিয়ে নির্মম এই ব্যবসা ফাঁদা চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের খবর দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, একটি টিভি অনুষ্ঠানের সূত্র ধরে র‌্যাব এই চক্রের সন্ধান পায়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এলিনা খান ও প্রযোজনা সংস্থা ব্ল্যাক ট্রুথ প্রোডাকশন্স সেন্টারের পরিচালক অভিনেত্রী রোকেয়া প্রাচী ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন। তাঁরা জানিয়েছিলেন, অনুষ্ঠান করতে গিয়ে এই চক্রের হদিস পাওয়া যায়। পরে আদালত এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।ওই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, পাতিলে রেখে ভিক্ষা করানোর ঘটনা ঘটেনি। এ ছাড়া অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হয়নি। ভিক্ষা করানোর অভিযোগই যেখানে প্রমাণিত হয়নি, সেখানে এ ঘটনার জন্য কাউকে দায়ী করার কোনো সুযোগ নেই। মানবাধিকারের নামে হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ব্ল্যাক ট্রুথ প্রডাকশন ও র‌্যাবের ‘অতিমাত্রায় বাড়াবাড়ির’ কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।তদন্ত কমিটি প্রতিবেদনে বলেছিল, ২০১০ সালের ৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। শিশু নেয়ামুল, রাসেল ও ইমরান মার্বেল নিয়ে খেলছিল। একপর্যায়ে মার্বেল নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। নেয়ামুল একসময় অন্য দুজনের গায়ে প্রস্রাব করে দিয়ে খেলার জায়গা থেকে চলে যায়। ক্ষুব্ধ রাসেল ও ইমরান সেদিনই দুপুরের খাবারের পর নেয়ামুলকে ডেকে একটি গলিতে নিয়ে যায়। সেখানে তারা নেয়ামুলের মাথায় আধলা ইট দিয়ে আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে নেয়ামুল পড়ে যায়। তবে অঙ্গহানি (পুরুষাঙ্গ কর্তন) কে করেছে, সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।তদন্ত কমিটি আরও বলেছে, কাউকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে ব্যবহার করতে হলে সাধারণত প্রদর্শন করা সম্ভব এমন অঙ্গ-প্রত্যঙ্গই ক্ষতিগ্রস্ত করা হয় যেমন— হাত-পা, চোখ, কান ইত্যাদি। এর কোনোটিই না করে যা করা হয়েছে, তার উদ্দেশ্য কোনো আক্রোশ চরিতার্থ করা, ভিক্ষা করানো নয়। এই আক্রোশের মূল কারণ নেয়ামুল নিজে বা তার বাবা-মা যে কেউ হতে পারেন।