ভারতে কর্মক্ষেত্রে চিকিৎসকদের ধর্মঘট পালনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার ভারতজুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে একটি বেসরকারি সংস্থার করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ প্রশ্ন তোলেন। আজ মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (ইএমএ) ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রিসোর্সেস ইন হেলথ বিল-২০১১ প্রবর্তনের বিরুদ্ধে এ ধর্মঘটের ডাক দেয়। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এল গোখালে ও জ্ঞান সুধা মিসরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। নির্দেশনা বাস্তবায়ন কষ্টসাধ্য বিধায়, শুনানি শেষে আদালত চিকিৎসকদের ধর্মঘট স্থগিত করার নির্দেশ দেননি। তবে কর্মক্ষেত্রে চিকিৎসকদের ধর্মঘট করার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত।জনগণের স্বার্থের কথা বিবেচনা করে চিকিৎসকেরা এ ধরনের কর্মসূচি দেবেন না বলে আশা করেন আদালত।পিপল ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি) নামের একটি বেসরকারি সংস্থা গত সপ্তাহে এ রিট আবেদনটি দায়ের করে। রিট প্রসঙ্গে আদালত বলেন, সংস্থাটি চিকিৎসা পেশার আইন ও নৈতিকতার বিষয়ে ভালো একটি দিক নিয়ে প্রশ্ন তুলেছে।শুনানির সময় সরকারি আইনজীবী টি এস দোয়াবিয়া আদালতকে বলেছেন, চিকিৎসকদের ধর্মঘট অগ্রহণযোগ্য।রিট দায়েরকারীর পক্ষে আইনজীবী এম এন কৃষ্ণমনি বলেছেন, চিকিৎসকদের ধর্মঘট ডাকার বিষয়টি তাদের পেশাগত শপথের সঙ্গে প্রতারণারা শামিল। চিকিৎসকেরা নৈতিকতা ও সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের শপথ নিয়েছেন।রিট আবেদনে বলা হয়, চিকিৎসকদের সংগঠন ইএমএ ধর্মঘট ডেকে মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া কর্তৃক প্রণীত চিকিৎসা পেশার নীতিমালা ও আইনের অনেক ধারা লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে ভালোভাবে চিকিৎসা পেশা অনুশীলন, রোগীর প্রতি দায়বদ্ধতা ও রোগীকে অবহেলা না করার প্রতিজ্ঞা।চিকিৎসকদের ডাকা গতকালের ধর্মঘটে অনেক রোগীকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।উল্লেখ্য, ভারতে এক হাজার ৯৫৩ জনের বিপরীতে মাত্র একজন চিকিৎসক আছেন।