নৈতিকতার সঙ্গে ব্যবসা করতে লতিফুর রহমানের আহ্বান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনাফার পাশাপাশি নৈতিকতার সঙ্গে ব্যবসা করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সহসভাপতি লতিফুর রহমান।গতকাল সোমবার রাতে নরওয়ের রাজধানী অসলোয় বিজনেস ফর পিস পুরস্কার গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় আগামী দিনে শিল্পপ্রতিষ্ঠানকে আরও মানবিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন লতিফুর রহমান।বিজনেস ফর পিস পুরস্কারকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার বলা হয়। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো উদ্যোক্তা-ব্যবসায়ী এ পুরস্কার পেলেন। লতিফুর রহমান আরও বলেন, ভবিষ্যতে সামাজিক দায়বদ্ধতা পালনে ট্রান্সকম গ্রুপ আরও যত্নবান হবে।পুরস্কার গ্রহণকালে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানও লতিফুর রহমানের সঙ্গে ছিলেন।বিজনেস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান পার এল সেকজিগার্ড বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-২০১২ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় সময় বিকেল চারটায় শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা সোয়া সাতটার দিকে। অসলোর সিটি সেন্টারের যে কক্ষে শান্তিতে নোবেল জয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়, সেখানেই অনুষ্ঠানটি হওয়ায় তা অন্য রকম মাত্রা পায়।এ বছর ৬০টি দেশ থেকে ৯০ জন প্রতিযোগীর মধ্যে বাছাই করে বিজনেস ফর পিস পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন বাংলাদেশের লতিফুর রহমান, মিসরের ইব্রাহিম আবুলেইশ, আর্জেন্টিনার এদুয়ার্দো ইউরনেকিয়ান, লিথুনিয়ার ভলাদাস লাসাস, যুক্তরাষ্ট্রের ডেভিড ডব্লিউ ম্যাক লেনান, ভারতের অনিল আগারওয়াল ও তানজানিয়ার রেজিনাল এ ম্যাঙ্গি। ১৭ এপ্রিল এই পুরস্কার ঘোষণা করা হয়।পুরস্কার পাওয়া উদ্যোক্তারা ব্যবসার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ব্যবসার আকারের চেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসাকে মানবিক করার ওপর।অসলো বিজনেস ফর পিস ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এর সহযোগী অংশীদার হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), দ্য ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশন, ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশন (ডব্লিউসিএফ), দ্য সিটি অব অসলো, অসলো চেম্বার অব কমার্স এবং অসলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ওডব্লিউটিসি)।