নৈরাজ্য সৃষ্টি করলে গণধোলাইয়ের হুমকি ছাত্রলীগের
জামায়াত-শিবিরের তাণ্ডব রুখতে সারা দেশে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। যেখানেই তারা নৈরাজ্য সৃষ্টি করবে, সেখানেই তাদের গণধোলাই দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে ছাত্রলীগ। দেশব্যাপী জামায়াত-শিবির চক্রের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের নেতারা এই হুমকি দিয়েছেন। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা ও এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ছাত্রনেতারা জামায়াত-শিবির-রাজাকারকে যেখানে দেখবেন, সেখানে ধোলাই দেওয়ার কর্মসূচি দিয়েছেন। কিন্তু আমি তাদের অনুরোধ করছি, আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে হবে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা ছাত্রসমাজকে রাজপথে বিরত রেখেছিলাম। আমরা বলেছিলাম, গণতান্ত্রিক উপায়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। কিন্তু জামায়াত-শিবির সন্ত্রাস জিইয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রলীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অপরিহার্য ছিল।’বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। তিনি বলেন, ‘আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা তালেবান রাষ্ট্র হতে দিতে পারি না। আমরা জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধ করবই। জামায়াত-শিবির কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা ফেরত যাওয়ার অনুরোধ করছি। অন্যথায় বাংলার ১৬ কোটি মানুষ আপনাদের গণধোলাই দেবে।’সমাবেশ পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য খালেদা জিয়ার নির্দেশে দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে জামায়াত-শিবির চক্র। প্রতিটি জেলা, উপজেলায় জামায়াত-শিবিরের এই নৈরাজ্য কঠিনভাবে প্রতিরোধ করতে হবে। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।’ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের সদস্য এ কে এম এনামুল হক, সুজিত রায় নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আনিস-উজ-জামান প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রদক্ষিণ করে জিপিও মোড়, মুক্তাঙ্গন, প্রেসক্লাব হয়ে হাইকোর্টের সামনে এসে শেষ হয়।