নৈশপ্রহরীর বেতন জোটে না ছয় বছর
‘স্যার, ছয় বছর ধরে বেতন পাই না। শুনছি, আপনি সাংবাদিক। তাই আপনার কাছে আইলাম। স্যার, আমার কথা একটু পত্রিকায় লিখলে খুব উপকার হইব।’ এভাবেই অনুরোধ জানালেন সিলেট বন বিভাগের হবিগঞ্জের সাতছড়ি রেঞ্জের নৈশপ্রহরী সন্তোষ কুমার।তিনি ছয় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন। তিনি জানান, এ অবস্থায় সাতছড়ি জাতীয় উদ্যানে আসা পর্যটকদের সাহায্য-সহযোগিতা দিয়েই সংসার চলছে তাঁর।সিলেটের খাদিমনগর বড়জালা চা-বাগানের বাসিন্দা সন্তোষ কুমার। ১৯৮১ সালে সিলেট বন বিভাগে পাম্পউড স্কিমে নৈশপ্রহরী পদে চাকরি পান তিনি। ২০০৩ সালের জানুয়ারি মাসে তত্কালীন বন সংরক্ষক আনোয়ার ফারুকের এক আদেশে বন বিভাগের সিলেট রেঞ্জ থেকে সন্তোষ কুমারসহ ১৬ জন কর্মচারীকে ঢাকা বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলে বদলি করা হয়।একই বছরে অপর এক আদেশে সন্তোষ কুমারসহ পাঁচজনের বদলির আদেশ বাতিল করা হয়। ২০০৪ সালের এপ্রিল মাস থেকে হঠাৎ করেই সন্তোষ কুমারের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘একই সঙ্গে একই পদে ১৬ জন নিয়োগ হয়। কিন্তু ১৫ জন কর্মচারী ঠিকই বেতন-ভাতা পান। পাই না শুধু আমি।’ সন্তোষ কুমার তাঁর বেতন-ভাতা বন্ধ হওয়ার কারণ আজও জানতে পারেননি। বেতন না পেয়ে স্ত্রী, তিন সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাঁর। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা লিয়াকত আলী মোল্লা জানান, সন্তোষ কুমারের বেতন-ভাতা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে প্রধান বন সংরক্ষকের অফিস থেকে ব্যাখ্যা চাওয়া হয়। ২০০৮ সালের ২১ আগস্ট এর জবাব দেওয়া হয়েছে। কিন্তু এর পরও তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।