পদত্যাগপত্র গ্রহণ না করার পেছনে স্পিকার যেসব কারণ দেখিয়েছেন, তাকে ‘খোঁড়া যুক্তি’ বলে মন্তব্য করে তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ‘এটা নোংরা খেলা। এটা থামানো দরকার। এ রকম খেলা আমি খেলতে চাই না।’গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে সোহেল তাজ প্রথম আলোকে এসব কথা বলেন। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার পরও তা গ্রহণ না করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এটা গ্রহণ না করার কোনো কারণ ছিল না। স্পিকারের সঙ্গে দুবার কথা বলেছি। তাঁকে নিশ্চিত করেছি যে এটা আমারই চিঠি। আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে পাঠিয়েছি। আমাকে জোর করে পদত্যাগপত্র পাঠানোর কথা কেন বলা হচ্ছে, তা বুঝতে পারছি না।’সোহেল তাজ বলেন, অনেকভাবে চিঠি পাঠানো যায়। এ ব্যাপারে ১৯৯৫ সালে উচ্চ আদালতের একটি নির্দেশনাও আছে যে, সশরীরে পদত্যাগপত্র পাঠানোর প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, পদত্যাগপত্র নিয়মমাফিক দিয়েছেন। এখন খোঁড়া যুক্তি দেওয়া হলে তো তাঁর বলার কিছু নেই। সংবিধান-বিশেষজ্ঞরা তাঁর সঙ্গে একমত হবেন বলে মনে করেন সোহেল তাজ। বিধি অনুযায়ী পদত্যাগ করলে গ্রহণ করা হবে বলে স্পিকারের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সোহেল তাজ বলেন, ‘এটা কি ছেলেখেলা? এটা কি মজা করা যে একবার পদত্যাগ করলাম, বললাম হয়নি; থুক্কু, আবার পদত্যাগ করব।’ তিনি বলেন, ‘আমার মা অসুস্থ। এখন আমাকে সবুজ পাসপোর্ট দেওয়া হচ্ছে না। নৈতিক কারণে লাল পাসপোর্ট ব্যবহার করতে পারছি না।’নিজের ভাগনেকে পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোহেল তাজ বলেন, ‘দায়িত্বে থাকাকালে পুলিশকে যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ার চেষ্টা করেছি। এই পুলিশ কার নির্দেশে আমার নিরপরাধ ভাগনেকে নির্যাতন করল? এগুলো কী হচ্ছে? বুঝে উঠতে পারছি না।’সোহেল তাজ বলেন, ‘২০০৯ সালের ৩১ মে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আড়াই বছর বেতন-ভাতা পাইনি। হঠাৎ করে গত নভেম্বরে একসঙ্গে আড়াই বছরের বেতন আমার হিসাবে পাঠিয়ে দেওয়া হলো। এরপর পত্রিকায় সংবাদ করানো হলো। এটা কোন উদ্দেশ্যে, কেন? আমার হিসাবে টাকা যাওয়ার কথা পত্রিকা জানবে কী করে?’