নোংরা রাজনীতিতে জিম্মি পদ্মা সেতু
পদ্মা সেতু প্রকল্প দক্ষিণ এশিয়ার বৃহত্তম অবকাঠামো প্রকল্প। বিদেশি দাতাদের ৩০০ কোটি ডলার অর্থায়ন-সহায়তা নিয়ে এ প্রকল্প বাস্তবায়নের কথা। কিন্তু এটি এখন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার। যুক্তরাজ্যের প্রভাবশালী ইকোনমিস্ট পত্রিকার অনলাইন সংস্করণে (৮ সেপ্টেম্বর প্রকাশিতব্য) এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, দাতাদের মনোযোগের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই সেতু। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশের সঙ্গে দারিদ্র্যপীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্ জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা কাটানোই এ সেতুর মূল লক্ষ্য। ছয় কিলোমিটার (৩ দশমিক ৮ মাইল) দীর্ঘ প্রস্তাবিত সেতুটি ঢাকাকে কলকাতার সঙ্গে যুক্ত করে ভারতে প্রবেশের দ্বার হিসেবে ব্যবহূত হতে পারে। দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মিত হলে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বাড়তে পারে।প্রস্তাবিত এ সেতুতে যানবাহন চলাচলের জন্য চারটি লেন এবং রেললাইন ও গ্যাস পাইপলাইনের সুবিধা থাকবে। সেতুকে সামনে রেখে পদ্মার গতি নিয়ন্ত্রণের মতো দুরূহ কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু হতাশার কথা, অর্থের মোহ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের বের করে আনার চেয়ে বরং অনেক সহজ পাঁচ কিলোমিটার প্রশস্ত এই নদীকে বেঁধে ফেলার কাজটি। আর এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত জুনে প্রকল্পটি বাবদ ১২০ কোটি ডলার প্রতিশ্রুত ঋণের অর্থ প্রত্যাহার করে নেয়। এই অর্থ ছাড় না দেওয়ার পেছনে সংস্থাটি দুর্নীতিপরায়ণ কয়েকজন কর্মকর্তাকেও চিহ্নিত করে। অর্থ ছাড়ের পূর্বশর্ত হিসেবে ওই ব্যক্তিদের বরখাস্তের কথা জানায় সংস্থাটি। পত্রিকাটির কথায়, বাংলাদেশের সংবাদপত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ব্যাংকের ওই তালিকায় রয়েছেন। তবে তিনি (মসিউর রহমান) বলেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা বললেই কেবল পদত্যাগ করবেন। ইকোনমিস্ট প্রতিবেদনে আরও বলেছে, মসিউর রহমানের ঘটনাটি বাদ দিলেও বাংলাদেশে কোনো অপরাধীকে শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়ার সংস্কৃতি রয়েছে। দুর্নীতির দায়ে এ দেশে এখন পর্যন্ত কোনো নির্বাচিত সরকারের শাসনামলে কেবল একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ জেল খেটেছেন। তিনি একজন সাবেক স্বৈরশাসক।