নোংরা রাজনীতিতে জিম্মি পদ্মা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি সহায়তায় নির্মিতব্য দক্ষিণ এশিয়ার বৃহত্তম অবকাঠামো প্রকল্প হচ্ছে ৩০০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্প। দাতাদেরও স্বপ্নের প্রকল্প এটি। কিন্তু এই প্রকল্প এখন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট-এর অনলাইন সংস্করণে (৮ সেপ্টেম্বর প্রকাশিতব্য) এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশের সঙ্গে দারিদ্র্যপীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা কাটানো এ সেতুর মূল লক্ষ্য। সেতুটি ঢাকাকে কলকাতার সঙ্গে যুক্ত করে ভারতে প্রবেশের দ্বার হিসেবে ব্যবহূত হতে পারে। দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়, পদ্মার গতি নিয়ন্ত্রণের মতো দুরূহ কাজও সেতু প্রকল্পের অংশ। কিন্তু হতাশার কথা হচ্ছে, অর্থের মোহ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের বের করে আনার চেয়ে বরং অনেক সহজ পাঁচ কিলোমিটার প্রশস্ত এই নদীকে বেঁধে ফেলার কাজটি। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত জুনে প্রকল্পটি বাবদ ১২০ কোটি ডলার প্রতিশ্রুত ঋণ বাতিল করে। সংস্থাটি অর্থ আত্মসাতের চেষ্টা করা কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিতও করে। অর্থছাড়ের পূর্বশর্ত হিসেবে তাঁদের বরখাস্তের দাবি করে বিশ্বব্যাংক। বাংলাদেশের সংবাদপত্রগুলোকে উদ্ধৃত করে ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ব্যাংকের ওই তালিকায় রয়েছেন। তবে তিনি (মসিউর রহমান) বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা বললেই কেবল পদত্যাগ করবেন। ইকোনমিস্ট প্রতিবেদনে আরও বলেছে, মসিউর রহমানের ঘটনাটি বাদ দিলেও বাংলাদেশে কোনো অপরাধীকে শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়ার সংস্কৃতি রয়েছে। দুর্নীতির দায়ে এ দেশে এখন পর্যন্ত কোনো নির্বাচিত সরকারের শাসনামলে কেবল একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ জেল খেটেছেন। তা-ও একজন সাবেক স্বৈরশাসক।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের স্বার্থে প্রকল্পটি পুনরুজ্জীবিত করতে এ মুহূর্তে বিশ্বব্যাংকের চেয়ে বেশি প্রস্তুত এশীয় উন্নয়ন ব্যাংক। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মতো ব্যাংকটি তার দুয়ার খোলা রেখেছে। যা-ই হোক, প্রকল্পটিতে আবারও অর্থায়নে বিশ্বব্যাংককে রাজি করানোর আগে বাংলাদেশি আরও কয়েকজন কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। সম্ভবত সরকারও মধ্যস্থতার টেবিলে ফিরবে। কিন্তু তার অনুমান করা শত্রুদের বিরুদ্ধে তর্জন-গর্জন না করে নয়। বিশ্বব্যাংকের ঋণ বাতিলের জন্য শেখ হাসিনা ক্ষুদ্রঋণের পথিকৃৎ ও নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করেছেন।প্রতিবেদনের কথায়, শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে ‘ভিক্ষা চাইবে না’। বাংলাদেশের ‘নিজস্ব সম্পদ’ দিয়ে অবশ্যই এই সেতু নির্মাণ করা হবে—এমন অকার্যকর ধারণা দিয়ে ক্ষতিগ্রস্ত জাতীয় সম্মানকে জাগিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া পত্রিকাটি আরও বলেছে, শেখ হাসিনার আওয়ামী লীগ এটা ভেবে এমনিতেই দারুণ ক্ষুব্ধ যে ২০১৩ সাল শেষ হওয়ার আগে পদ্মা সেতু নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই অবস্থায় শেখ হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে এবং সেতু নির্মাণের কৃতিত্ব নেয়, তা হলে সেটি হবে দলটির জন্য আরও পীড়াদায়ক। এ সম্ভাবনা খুবই বাস্তব, কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারই দ্বিতীয় মেয়াদে জয়ী হয়নি। আর তাই, শেষ পর্যন্ত শেখ হাসিনার সামনে এখন বিশ্বব্যাংককে শান্ত করার চেষ্টার পেছনে দেশের বৃহত্তর স্বার্থের বিষয়টি ছাড়া আর কোনো জোরালো প্রণোদনা নেই।